জার্মানির মেলায় ২০ লাখ ডলারের রপ্তানি আদেশ পেল প্রাণ
জার্মানির আইএসএম ফেয়ার থেকে ২০ লাখ ডলারের পণ্য রপ্তানির আদেশ পেয়েছে প্রাণ।
বৃহস্পতিবার প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, জার্মানির কোলনে ২৭ থেকে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত মেলা থেকে এ আদেশ পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের অন্যতম বৃহৎ ‘সুইটস এবং স্ন্যাকস’পণ্যের ওই মেলায় প্রায় ৫০টি দেশের আমদানিকারকা প্রাণের স্টল পরিদর্শন করেন। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ১ হাজার ৭০০ প্রতিষ্ঠান অংশ নেয়।
প্রাণ এক্সর্পোট লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মিজানুর রহমানকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ বছর ওই মেলায় ১০ টি নতুন পণ্যসহ সুইটস ও স্ন্যাকস ক্যাটাগরিতে দুই শতাধিক পণ্য প্রদর্শন করে প্রাণ।”
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামালকে উদ্ধৃত করে এতে বলা হয়, “এ প্রদর্শনীতে অংশগ্রহণের মূল উদ্দেশ্য ছিল রপ্তানি বাজার সম্প্রসারণ করা।”
“আইএসএম ফেয়ার বিশ্বজুড়ে ব্যাপক সমাদৃত এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও ব্যবসায়ীরা এ মেলায় অংশ নেওয়ার ফলে প্রাণ পণ্য সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার একটা সুযোগ তৈরী হয়েছে।”
