এডিবিকে সহায়তা বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
বাংলাদেশে উন্নয়ন কর্মকাণ্ডে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবির আরও সহায়তা প্রত্যাশা করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এডিবির আবাসিক প্রতিনিধি মনমোহন পরকাশ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই প্রত্যাশার কথা জানান বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাক্ষাতে মন্ত্রী বলেন, “বাংলাদেশের চলমান উন্নয়ন কাজে এডিবির সহায়তা বৃদ্ধি করা প্রয়োজন। বাংলাদেশ বড় বড় উন্নয়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম। যথা সময়ে এখন উন্নয়ন কাজ শেষ হচ্ছে।”
বাংলাদেশে পরিবহন, ট্রেড ফেসিলিটেশন, জ্বালানি, ইকোনমিক করিডোর উন্নয়নে সহায়তা দিয়ে আসছে এডিবি।
এডিবির আবাসিক প্রতিনিধি মনমোহন পরকাশ
“বুড়িমারি স্থলবন্দর উন্নয়নে এডিবির অর্থায়নে ইতোমধ্যে একটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বেনাপোল স্থলবন্দর উন্নয়নে ১০০ কোটি টাকার একটি প্রকল্প চলমান রয়েছে। আগামী দিনগুলোতে বাংলাদেশে এডিবির সহায়তা আরো বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি।”
এ সময় বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
