টপারের গুরুত্ব ‘স্বাস্থ্যসম্মত পণ্যে’
রান্নার সামগ্রীর গুণগত মান নিশ্চিতে প্রযুক্তিযোগ ও উদ্ভাবন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে পাঁচ বছর আগে বাজারে আসা আরএফএলের সহযোগী ব্র্যান্ড টপার।
টপারের জ্যেষ্ঠ ব্র্যান্ড ম্যানেজার মো. শরীফুল ইসলাম বলছেন, ভোক্তার স্বাস্থ্যের দিকটিকে বেশি গুরুত্ব দেন তারা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোক্তার স্বাস্থ্যগত দিক মাথায় রেখে প্রতিটি পণ্যেই ফুডগ্রেড উৎপাদন ব্যবহার করার পাশাপাশি নতুন প্রযুক্তি ও উদ্ভাবনে যুক্ত হচ্ছে টপার।”
প্রতি বছর নতুন নতুন পণ্য বাজারে আনছে টপার।
শরীফুল দাবি করেন, বর্তমানে দেশে রান্না সামগ্রীর বাজারে টপার ও ব্রাইটের প্রতি বছর গড়ে ১৫ শতাংশ হারে প্রবৃদ্ধি হচ্ছে।
২০১৩ সালে বাজারে আসে টপারের আমদানি করা নন-স্টিক ফ্রাইপ্যান, প্রেসার কুকার ও অন্যান্য রান্না করার সামগ্রী। যাত্রার এক বছরের মাথায় রংপুরে গঙ্গা ফাউন্ড্রি লিমিটেড (জিএফএল) নামে নিজস্ব কারখানা চালু করে তারা।
শরীফুল জানান, টপার ব্র্যান্ডের প্রেসার কুকার, নন-স্টিক ফ্রাইপ্যান এবং ব্রাইট ব্র্যান্ডের অ্যালুমিনিয়াম কুকওয়্যারসহ প্রায় শতাধিক রান্নার সামগ্রীর বিপণন করছে জিএফএল।
টপারের বাণিজ্যিক কৌশল নিয়ে শরীফুল বলেন, ”বাজারে অনেক কোম্পানির রান্না সামগ্রী থাকলেও সত্যিকারের স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন পণ্যের একটা অভাব ছিল। সেই বিষয়টাকে কাজে লাগিয়ে প্রথমে বিদেশ থেকে আমদানিপণ্য এবং পরে নিজস্ব কারখানায় উৎপাদিত পণ্য নিয়ে এগিয়ে চলছে টপার।
”যৌক্তিক মূল্যে মানসম্পন্ন পণ্য বিপণন করাই আরএফএলের কৌশল।”
স্বাস্থ্যসম্মত পণ্যে গুরুত্ব দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রান্নার পাত্রের সঙ্গে স্বাস্থ্যের গভীর একটা সম্পর্ক রয়েছে। হাড়ি-পাতিল বা যেসব পাত্র আগুনের সংস্পর্শে আসে তা ফুডগ্রেড না হলে নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যা হতে পারে।”
ভোক্তাদের সতর্ক করতে তিনি বলেন, বাজারে পুরাতন ও দূষিত ‘স্ক্র্যাব’ বা ভাঙ্গারির তৈরি অনেক পাত্র রয়েছে।
রান্নায় ব্যবহৃত ননস্টিক পাত্রের স্বাস্থগত ঝুঁকির দিকটি উল্লেখ করে তিনি বলেন, ”অধিক তাপমাত্রা, এক স্তর কিংবা দুই স্তরের প্রলেপের ফলে ননস্টিক পাত্র অনেক সময় ক্ষতির কারণ হয়।”
তবে টপারের পণ্যকে ‘নিরাপদ’ বলে দাবি করে শরীফুল বলেন, ”টপার ও ব্রাইটের অ্যালুমিনিয়াম পাত্র তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে ফুডগ্রেড অ্যালুমিনিয়াম।
টপারের পণ্যের গুণগত মান তুলে ধরতে তিনি বলেন, এই ব্র্যান্ডের ননস্টিক পাত্রগুলোত ফুডগ্রেড মেটাল দিয়ে তৈরি করা হয়।
”এর ওপর স্বয়ংক্রিয় মেশিনে উচ্চ তাপমাত্রায় তিন স্তর বিশিষ্ট প্রলেপ দেওয়া হয়। এছাড়া পিএফওএ, লেড, ক্যাডমিয়াম ও নিকেলমুক্ত বলে নিশ্চয়তা দিচ্ছে টপার।”
এছাড়াও নতুন করে স্টেইনলেস স্টিল (এসএস) পাত্র বাজারে এনেছে ব্র্যান্ডটি।
স্টিলের পাত্রেও ননস্টিক ফ্রাইপ্যানের মতো কম তেলে রান্না করা যায় বলে বাজারে যে কোনো পাত্রের চেয়ে স্টিলের পাত্র অনেক বেশি স্বাস্থ্যকর বলে মনে করা হয়।
আরএফএলের একটি বাজার জরিপের তথ্য অনুযায়ী, বাজারে প্রতিবছর ২০০ কোটি টাকার প্রেসার কুকার এবং ৩০০ কোটি টাকার ননস্টিক ফ্রাইপ্যান বিক্রি হয় ।
পাশাপাশি গ্যাস স্টোভের বাজার রয়েছে বার্ষিক ৭০০ কোটি টাকার। এই ক্ষেত্রে একটি বড় অংশের অংশীদারিত্ব আরএফএল ও টপারের বলে দাবি শরীফুলের।
তিনি বলেন, ব্রাইট ব্র্যান্ডের আওতায় স্টেইনলেস স্টিলের প্রায় সকল পণ্য বাজারে পাওয়া যাচ্ছে।
টপার ব্র্যান্ড নিয়ে আগামী পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “স্বাস্থ্যকর ও মানসম্পন্ন পণ্য বিপণনের মাধ্যমে বাজারে অংশীদারিত্ব আরও বাড়াতে চায় টপার।”
এছাড়া ইটিপি স্থাপনের মাধ্যমে পুরোনো অ্যালুমিনিয়াম পরিশোধনের পরিকল্পনা রয়েছে তাদের।
”তিন লেয়ারের যে ননস্টিক ফ্রাইপ্যান রয়েছে সেখানে পাঁচটি লেয়ার করার পরিকল্পনা রয়েছে, যা ২০২০ সালের মধ্যে বাস্তবায়ন হবে বলে কোম্পানি আশা করে”, বলেন শরীফুল।
ভবিষ্যতে স্টেনলেস স্টিলের পণ্যে আরও বৈচিত্র্য আনবে টপার, এমন দাবি করছে আরএফএল।
