২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-ভারত পর্যটকবাহী নৌচলাচল শুরু হচ্ছে মার্চে

আগামী মার্চে বাংলাদেশ-ভারত পর্যটকবাহী জাহাজ চলাচল শুরুর খবর জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নৌপর্যটন নিয়ে আশা দেখার কথা জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2019, 07:44 PM

Updated : 18 Aug 2022, 04:45 PM

সচিবালয়ে রোববার ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার আদর্শ সোয়াইকার সঙ্গে বৈঠকের পর মন্ত্রী আরও ছয়টি সীমান্ত হাট চালু হবে বলেও জানান।

টিপু মুনশি বলেন, “আগামী মার্চে উভয় দেশের মধ্যে পর্যটকবাহী নৌযান চালু হবে। এতে উভয় দেশের পর্যটকরা নৌপথে ভ্রমণ শুরু করবেন।”

সড়ক, রেল ও আকাশ পথে ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ থাকলেও নৌপথে পর্যটকদের যাতায়াতের সুযোগ এখন নেই।

আদর্শ সোয়াইকা বলেন, প্রথমে ভারতের একটি পর্যটক দল নৌপথে বাংলাদেশের সুন্দরবন ভ্রমণ করবে।

টিপু মুনশি বাংলাদেশিদের ভারতীয় ভিসা পাওয়ার জটিলতা নিরসনের আহ্বান জানান।

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার ভিসা দেওয়া সহজ করতে ঢাকার বাইরে ১৫টি ভিসা সেন্টার চালুর তথ্য তুলে ধরেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, “বর্ডার হাটের সংখ্যা বৃদ্ধির জন্য আমরা উভয় দেশ একমত হয়েছি। আরও ছয়টি বর্ডারহাট চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

চলমান সীমান্ত হাটগুলোতে যে সমস্যাগুলো রয়েছে, তা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার।

টিপু মুনশি ভারতের বিনিয়োগ বাড়ার তথ্য তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের তিনটিতে ভারত বড় ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

“মংলায় ১১০ একর জমির উপর স্পেশাল ইকোনমিক জোনের কাজ অল্প দিনের মধ্যেই শুরু করবে। মিরসরেইয়ে এক হাজার একর জমির উপর এবং ভেড়ামারায় অন্য একটি ইকোনমিক জোন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারত।”

দিনাজপুরের চিলাহাটি সীমান্তে একটি স্থলবন্দর নির্মাণের জন্য বাংলাদেশ প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দূর করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।