২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্বাচলে নয়, আগারগাঁওয়েই হবে বাণিজ্য মেলা: বাণিজ্যমন্ত্রী

কয়েক বছর আগে বাণিজ্য মেলার জন্য পূর্বাচলে প্রায় ৮০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এখন বলছেন, রাজধানীর আগারগাঁওয়েই প্রতি বছর এই মেলা বসবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2019, 04:48 PM

Updated : 10 Oct 2022, 08:53 PM

রোববার সকালে বাণিজ্য মেলা প্রাঙ্গণে সারিকা ফ্যান্টাসি পার্কে প্রতিবন্ধীদের বিনামূল্যে রাইড সেবার উদ্বোধন করে একথা বলেন তিনি।

প্রায় তিন দশক আগে বাণিজ‌্য মেলার শুরু থেকে তা শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে হয়ে আসছে। এতে ওই এলাকায় পুরো মাস ধরে যানজট লেগে থাকে।

এই প্রেক্ষাপটে ২০১৫ সালে ঢাকার পূর্বাচলে ২০ একর জমির উপর আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থায়ী প্রাঙ্গণ তৈরির একটি প্রকল্প অনুমোদন দেয় সরকার।

বাণিজ্য মেলার স্থায়ী ঠিকানা হচ্ছে পূর্বাচল  

৭৯৬ কোটি টাকা ব্যয়ের ওই প্রকল্পের আওতায় এক্সিবিশন সেন্টারে ১৫০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, প্রতিটি নয় বর্গমিটারের ৮০৬টি বুথ, দুটি বড় হলরুম, সম্মেলন কেন্দ্র, অভ্যর্থনা কেন্দ্র, বাণিজ্য তথ্য কেন্দ্র, সভাকক্ষ, প্রেস সেন্টার, সার্ভিস রুম এবং সাবস্টেশন করার কথা বলা হয়।

Image
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ফাইল ছবি

পরে ২০১৭ সালের বাণিজ্য মেলা শেষ হওয়ার পর তৎকালীন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সংসদে বলেন, পূর্বাচলে বাণিজ্য মেলার অবকাঠামো নির্মাণের কাজ চলছে। ২০১৯ সাল থেকেই সেখানে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হবে।

২০১৯ থেকে বাণিজ্য মেলা পূর্বাচলে: বাণিজ্যমন্ত্রী  

তবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এদিন বলেন, পূর্বাচলে মেলা হবে, তবে তা বিশেষ বিশেষ ক্ষেত্রে।

কারণ ব্যাখ্যায় তিনি বলেন, “শহরের বাইরে তো ওটা, যার কারণে ওখানে যথেষ্ট পরিমাণ জায়গা রেডি হয় নাই, অতো জায়গাও নাই।

“নতুন যে জায়গাটা হবে সেখানে সারা বছর ধরে রপ্তানিমুখী পণ্য প্রদর্শনের মেলা হবে। তবে বাণিজ্য মেলা আপাতত আগারগাঁওয়েই অনুষ্ঠিত হবে।”

চলতি বছরের শেষদিকে বা আগামী বছরের শুরুতে পূর্বাচলে আন্তর্জাতিক মানের রপ্তানিমুখী পণ্যের প্রদর্শনী হতে পারে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।