হাতের ছোঁয়া ছাড়াই হচ্ছে সস, বিস্তৃত জমিতে টমেটো চাষ
লাল টুকটুকে পাকা টমেটো ধোয়া ও মেশিনে তোলার কাজে ব্যস্ত শখানেক শ্রমিক। কেউ নষ্ট টমেটো সরিয়ে ফেলছেন, কেউ আবার ধোয়া টমেটো ঠেলে দিচ্ছেন মেশিনে।
নাটোরের একডালায় প্রাণের টমেটো সস তৈরির কারখানায় এভাবেই ধাপে ধাপে এগিয়ে চলে টমেটো থেকে সস, কেচাপসহ অন্যান্য খাদ্যপণ্য তৈরির কাজ।
সম্প্রতি প্রাণের এই কারখানা ঘুরে এমনই কর্মচঞ্চলতা দেখা যায়, যেখানে হাতের স্পর্শ ছাড়াই স্বয়ংক্রিয় মেশিনে টমেটো সস প্রস্তুত ও বোতলজাত করা হচ্ছে। দেশের চাহিদা পূরণের পাশাপাশি এই সস চলে যাচ্ছে বিদেশের বাজারেও।
কারখানায় এমন গতিময় কাজের প্রভাব পড়ছে নাটোর অঞ্চলের ক্ষেত খামারেও। কোম্পানির কাছে ন্যায্যমূল্যের নিশ্চয়তা পেয়ে হাজার হাজার কৃষক যুক্ত হয়েছেন টমেটো চাষে। লাভ বাড়তে থাকায় বছর বছর টমেটো চাষের পরিধিও বাড়াচ্ছেন তারা।
কারখানায় দেখা যায়, টমেটোর সস তৈরি হয় দুই ধাপে। প্রথম পর্যায়ে পাকা টমেটো মেশিনে নিয়ে উচ্চ তাপমাত্রা ও চাপের সাহায্যে মাড়াইয়ের মাধ্যমে পেস্ট তৈরি করা হয়। দ্বিতীয় ধাপে এই পেষ্টের সঙ্গে প্রয়োজনীয় মসলা, ঝাল ও অন্যান্য স্বাদ বর্ধক উপকরণ যোগ করা হয়। এভাবে সস তৈরি শেষে বোতল ও প্যাকেটজাত করা হয়। প্রথম ধাপে ধুয়ে মেশিনে দেওয়ার পর হাতের স্পর্শ ছাড়াই প্যাকেটজাত হয় টমেটোর সস।
সম্পূর্ণ ‘এসেফটিক’ পদ্ধতিতে হাতের স্পর্শ ছাড়াই কারখানায় সস তৈরি হয় জানিয়ে হযরত আলী বলেন, “পুরো প্রক্রিয়ায় দুইবার টমেটোর উপাদানকে প্রায় ১০০ ডিগ্রি তাপমাত্রায় আনা হয়। হাতের স্পর্শ ছাড়াই উৎপাদন ও বায়ুনিরোধী উপায়ে প্যাকেটজাত করার করণে স্বাভাবিক তাপমাত্রায় দীর্ঘদিন এই সস খাবার উপযোগী থাকে।
বর্তমানে প্রাণ এর সস্-কেচাপ মালেয়শিয়া, সংযুক্ত আরব আমিরাত, আমেরিকা, ইতালি, সুইডেনসহ ৬০টি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে।”
প্রাণের কন্ট্রাক্ট ফার্মিং বিভাগের সিনিয়র ম্যানেজার কামরুজ্জামান টিটো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েক হাজার চুক্তিবদ্ধ কৃষকের মাধ্যমে পরিকল্পিতভাবে টমেটো ফলান তারা। টমেটো চাষ থেকে কারখানায় নিয়ে আসার পর্যন্ত সব ক্ষেত্রেই তাদের নজরদারি থাকে।
“এক সময় এখানে টমেটোর অধিক ফলন হলে দাম না পেয়ে কৃষকরা তা ক্ষেতে পঁচাত। রাস্তাঘাটে পড়ে থাকত টমেটো। এখন সেই চিত্র একেবারেই অদৃশ্য হয়ে গেছে। কারণ বাজারের প্রচলিত দাম দিয়েই চুক্তিবদ্ধ কৃষকদের কাছ থেকে টমেটো কেনে প্রাণ,” বলেন তিনি।
একই কথা শোনা যায় নাটোরের লালপুরে আবিদনগর গ্রামের ‘ফাতেমা কৃষিখামারের’ মালিক আমছের আলী আনছারের কাছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগে ফলন ভালো হলে হাটে বাজারে টমেটো উপচে পড়ত। দাম না পেয়ে হাটে টমেটো ফেলে চলে আসতে হয়েছে, লোকসান গুণতে হয়েছে। প্রাণের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর একবারের জন্যও দাম নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয়নি।
আমছের আলী জানান, এ বছর বিঘাপ্রতি ১০০ মণ হারে টমেটো উৎপাদন হলে খরচ পড়বে প্রতিকেজি ৫ টাকা। বর্তমান বাজারের হারে ১৫ থেকে ২০ টাকায় প্রতিকেজি টমেটো বিক্রি করা যাচ্ছে।
প্রাণের কন্ট্রাক্ট ফার্মিং বিভাগের সিনিয়র ম্যানেজার কামরুজ্জামান টিটো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাণ চাষীদের টমেটো চাষের প্রশিক্ষণ, কৃষি উপকরণ সহায়তা এবং পরামর্শ দিয়ে থাকে। চুক্তিভিত্তিক চাষের আওতায় কৃষকদের আগে থেকেই ন্যায্য মূল্যের বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়। ফসল উঠার সাথে সাথে তা কেনা হয়। ফলে কৃষকদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে না।
২০০২ সাল থেকে টমেটো থেকে নানা ধরনের খাদ্যপণ্য প্রস্তুত করছে প্রাণ। ২০১০ সালে শুরু হয় টমেটোর চুক্তিভিত্তিক চাষ।
টিটো জানান, বর্তমানে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, শরীয়তপুর ও কুমিল্লা জেলায় প্রাণ-এর চুক্তিভিত্তিক কৃষকরা টমেটো উৎপাদন করছেন। এ বছর প্রাণের আট হাজার চুক্তিভিত্তিক কৃষক প্রায় ২৫০ একর জমিতে টমেটো চাষ করেছেন। প্রাণ-এর টমেটো সংগ্রহের লক্ষ্যমাত্রা সাত হাজার টন।
গত বছর প্রাণ-এর পাঁচ হাজার চুক্তিভিত্তিক কৃষক প্রায় ২২০ একর জমিতে টমেটো চাষ করেন। টমেটো সংগ্রহের পরিমাণ ছিল সাড়ে ছয় হাজার টন।
