বিজিএমইএ নির্বাচনে স্বাধীনতা পরিষদের ১৬ অঙ্গীকার
বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ নির্বাচনকে সামনে রেখে ১৬ দফা অঙ্গীকার ঘোষণা করেছে স্বাধীনতা পরিষদ।
অঙ্গীকারে গার্মেন্টস মালিকদের সরাসরি ভোটের মাধ্যমে পছন্দের নেতৃত্ব নির্বাচনের অধিকার নিশ্চিত করা এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সব ধরনের সহযোগিতার ঘোষণা দেয়া হয়েছে।
শনিবার রাতে রাজধানীর গুলশান ক্লাবে পোশাক শিল্প মালিকদের উপস্থিতিতে এই অঙ্গিকার ঘোষণা করেন পরিষদের আহবায়ক জাহাঙ্গীর আলম।
বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ তিন দফায় বাড়ানোর পর আবার নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৬ এপ্রিল বিজিএমইএর ৩৫টি পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে এই তফসিল ঘোষণার পরও অতীতের মতো নির্বাচনের পথে না হেঁটে সমঝোতার মাধ্যমে বিজিএমইএর নেতৃত্ব ঠিক করার চেষ্টা চলছে বলে অভিযোগ করে স্বাধীনতা পরিষদ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের দাবি করেছে।
২০১৫ সালে বিজিএমইএর নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নেওয়ার পর প্রতিদ্বন্দ্বী দুটি প্যানেল সম্মিলিত পরিষদ ও ফোরাম সমঝোতার মাধ্যমে বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমানকে সভাপতি করে একটি পরিচালনা পর্ষদ ঠিক করে। এরপর থেকে আর নির্বাচন না হয়ে তিন ধাপে এই পরিচালনা পর্ষদের মেয়াদ বাড়ানো হয়।
এই প্রক্রিয়ার বিরোধিতা করে স্বাধীনতা পরিষদ আরেকটি প্যানেল গঠন করে নির্বাচনের দাবি জানালেও বাণিজ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপে সেই প্রক্রিয়া আর এগোয়নি।
অনুষ্ঠানে স্বাধীনতা পরিষদের আহবায়ক এবং ডিএসএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তিই হচ্ছে তৈরি পোশাক শিল্প। আর এই শিল্পের সাথে জড়িত মালিকদের নিয়ে গঠিত বিজিএমইএ। বর্তমানে এই শিল্প একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কিছু অযৌক্তিক সিদ্ধান্তের কারণে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা।
তিনি বলেন, বিজিএমইএর নেতৃত্ব দীর্ঘদিন যাবৎ নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত না হওয়ায় এটি একটি স্থবির সংগঠনে পরিণত হয়েছে। বর্তমানে সাধারণ সদস্যরা যথাযথ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং অনেকক্ষেত্রে হয়রানি ও অবহেলার স্বীকার হচ্ছেন।
“এমতাবস্থায় পোশাক শিল্পের উন্নয়নকল্পে, বিজিএমইএতে সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্বনির্বাচনের লক্ষ্যে আমরা স্বাধীনতা পরিষদ গঠন করেছি।”
“আমাদের শ্লোগান হচ্ছে বিজিএমইএতে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নির্বাচনের বিকল্প নাই।”
নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা পরিষদের ১৬ দফা অঙ্গীকার হচ্ছে-
>> বিজিএমইএর মূল শক্তি গার্মেন্টস মালিকদের সরাসরি ভোটের মাধ্যমে পছন্দমত নেতৃত্ব নির্বাচনের অধিকার নিশ্চিত করা হবে।
>> বর্তমান সময়ে ক্ষুদ্র এবং মাঝারি পোশাক শিল্প উদ্যোক্তারা সময়োপযোগী সহযোগিতার অভাবে ধীরে ধীরে ব্যর্থ প্রতিষ্ঠানে পরিনত হচ্ছে। স্বাধীনতা পরিষদের উদ্দেশ্য বিজিএমইএর এই সকল প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় কাজ করা। একইসঙ্গে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা।
>> সরকারের সব অঙ্গ প্রতিষ্ঠান, কাষ্টমস, ব্যাংক, ইন্সুরেন্স এবং পোশাকশিল্প প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ নিস্পত্তির জন্য, বিজিএমইএকে শক্তিশালী মধ্যস্ততাকারী হিসেবে প্রতিষ্ঠা করা হবে।
>> স্বাধীনতা পরিষদ সব সদস্যকে একটি অভিন্ন যোগাযোগ মাধ্যমে নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ; যাতে সব প্রতিষ্ঠান একে অপরের সাথে কর্ম বিনিময়, প্রযুক্তি বিনিময় এবং একতাবদ্ধ হয়ে কাজ করতে পারে।
>> নির্বাচনে ছোট-বড় নির্বিশেষে সকল গার্মেন্টস মালিকের অংশগ্রহন নিশ্চিতের লক্ষ্যে বর্তমানে ঘোষিত নমিনেশন ফি ৭০ হাজারের পরিবর্তে ৫ হাজার টাকায় নামিয়ে আনা হবে। মৃতপ্রায় গার্মেন্টস শিল্পসমূহকে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করা এবং বিজিএমইএর সদস্যপদ গ্রহন ও নবায়নের প্রক্রিয়া সহজ করা হবে।
>> বিজিএমইএ কে আধুনিকিকরণ করাসহ গবেষণা সেল গঠন, কর্মচারীদের যুগোপযোগী এবং সেবামুখী করার লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
>> বিজিএমইএ তে নির্ধারিত বিভিন্ন সাব-কমিটিগুলোকে কার্যকর করার ব্যবস্থা গ্রহন করা হবে।
>> শ্রম আইন, কলকারখানা আইন সংশ্লষ্টি আইনসমূহকে বাংলাদেশের উপযোগী করার উদ্যোগ নেয়া হবে।
>> শ্রমিক ও মালিকের মধ্যে ভূল-ভ্রান্তি অবসানের লক্ষ্যে শ্রমিক নেতা ও মালিকদের নিয়মিত বৈঠক ও বিদ্যমান বিরোধ তথা ভ্রান্ত ধারনা দুর করা হবে।
>> বর্তমানে অনেক শিল্পকারখানা সরাসরি রপ্তানি কাজ পায়না কমপ্লায়েন্স-এর অজুহাতে। ১০০০ এর কমসংখ্যক শ্রমিক দ্বারা পরিচালিত কারখানাসমূহের কমপ্লায়েন্স শর্ত সহজ করা হবে যাতে তারা সরাসরি কার্যাদেষ পেতে পারে।
>> নতুন বাজার সম্প্রসারণ এবং যোগাযোগরে মাধ্যমে সহজ প্রক্রিয়ায় ব্যবসায়িক সমঝোতা রক্ষা করা হবে।
>> কমপ্লায়েন্স-এর ক্ষেত্রে ‘ইউনর্ফিম কোড অফ কন্ডাক্ট’ তৈরি করা হবে; যা প্রত্যেক ক্রেতার জন্য সমভাবে প্রযজ্য হবে।
>> ছোট-মাঝারী গার্মেন্টস কারখানাগুলোর মধ্যে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন ও বোঝাপড়া তৈরীর জন্য একটি অ্যাপস এর মাধ্যমে সর্বক্ষণ পরিচালনার উদ্যোগ গ্রহন করা হবে; যাতে গার্মেন্টসের মালিকরা উপকৃত হয় ।
>> ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করে জিএসপি সুবিধা নেয়ার সুযোগ ও সময়কাল বৃদ্ধি করা হবে।
>> যুক্তরাষ্ট্রের গার্মেন্টস পণ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার জন্য ইউ এস সিনেটরদের সাথে যোগাযোগ স্থাপন করা হবে।
>> রপ্তানির উপর ১০ শতাংশ নগদ সহায়তা প্রদানের উদ্যোগ নেয়া হবে।
