২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে চশমার উৎপাদন বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর

আমদানিনির্ভর না থেকে দেশের চশমা শিল্পকে বিস্তৃত করতে উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2019, 07:57 PM

Updated : 10 Oct 2022, 08:53 PM

বৃহস্পতিবার রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে নবম আন্তর্জাতিক চশমা মেলা ‘বাংলা অপটিকার’ উদ্বোধন করে তিনি বলেন, “আমরা কি সারাজীবন ইমপোর্টের ওপর নির্ভরশীল থাকব? নাকি আমরা আমাদের দেশে উৎপাদন বাড়াব? এখন সময় এসেছে আমাদের দেশে প্রোডাকশন বাড়ানোর।

এ শিল্পের উদ্যোক্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, “আপনারা দেশে চশমা তৈরি করেন। শুধুমাত্র আমদানিনির্ভর হলে দেশের ইন্ডাস্ট্রি গ্রো করবে না।”

বর্তমান সরকার ‘ব্যবসাবান্ধব’ মন্তব্য করে টিপু মুনশী বলেন, “এমন জায়গায় আসতে হবে যেন আমাদের দেশের তৈরি চশমাটা ব্যবহার করা যায়। এতে আমাদের এতো কষ্টের বৈদেশিক মুদ্রা অন্য দেশে যাবে না।”

ব্যবসায়ীদের চশমা আমদানির ওপর শুল্ক কমানোর দাবি জানালে মন্ত্রী বলেন, “আপনারা সমস্যার কথা বলেছেন। এ বিষয়ে আগামী বাজেটের আগেই আমরা অর্থমন্ত্রীর সাথে বসব। আমার বিশ্বাস, এবারের বাজেটে আপনাদের জন্য দৃশ্যমান পরিবর্তন আসবে।”

চশমাশিল্পের ব্যবসায়ীরা জানান, চশমার প্লাস্টিক ফ্রেম, রিডিং ফ্রেম, গ্লাস, স্ক্রু সবই বিদেশ থেকে আমদানি করতে হয়। কিন্তু কাঁচামালের ওপর বাড়তি শুল্ক থাকায় দেশে চশমা তৈরির খরচ বেশি পড়ে যায়।

দেশে উৎপাদিত চশমা প্রতিযোগিতায় পেরে উঠতে পারছে না বলে শিল্পেরও বিকাশ হচ্ছে না। দেশের চশমার বাজারের ৯৬ শতাংশই আসছে বিদেশ থেকে।

দেশে আমদানি করা চশমার ৯০ শতাংশই চীন থেকে আসে। তা ছাড়া দক্ষিণ কোরিয়া, ইতালি, ফ্রান্স, জার্মানি, ভারত, থাইল্যান্ড থেকেও চশমা আমদানি করা হয়।

Image
চশমা মেলায় বিভিন্ন স্টলে সাজিয়ে রাখা চশমা। প্রকার ভেদে দাম ৬০ টাকা থেকে ৮০০০ টাকা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

চশমা মেলায় বিভিন্ন স্টলে সাজিয়ে রাখা চশমা। প্রকার ভেদে দাম ৬০ টাকা থেকে ৮০০০ টাকা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

ঋণের বোঝায় অনেক ব্যবসায়ী ‘সর্বস্বান্ত’ হয়ে যাচ্ছে- চশমা ব্যবসায়ীদের এমন বক্তব্যের বিষয়ে টিপু মুনশী বলেন, “আপনারা অনেক সমস্যার কথা বলছেন। লোকসানের কথা বলছেন। ব্যবসায় লাভ-লোকসান থাকবেই।

“আজকে দেশের যে গার্মেন্টস শিল্প দেখছেন আপনারা, এটাও কিন্তু অনেক কষ্টের মাধ্যমে এ পর্যায়ে এসেছে। ৩৪ বছর আগে আমরা যখন এ শিল্পটা শুরু করেছিলাম, তখন একেকজন ব্যবসায়ী ৩০, ৪০টা কিংবা ৬০টা, ১০০টা মেশিন দিয়ে শুরু করেছিলাম। তখন অনেকই ব্যবসা করতে গিয়ে সর্বস্বান্ত হয়েছেন। অনেকের স্ট্রোক করেছে। কিন্তু এতবছর পরে এসে গার্মেন্ট শিল্প বিকাশমান, শতকরা ৮১ ভাগ কারেন্সি আসছে।”

বাংলাদেশ চশমা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. সানাউল্লাহ খানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন ও বিজিএমইএ-এর সাবেক সভাপতি আতিকুল ইসলাম বক্তব্য দেন।