২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফা অ্যাওয়ার্ড পেয়েছে ব্র্যাক

শ্রেষ্ঠ বার্ষিক আর্থিক প্রতিবেদনের জন্য ২০১৭ সালের সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) অ্যাওয়ার্ড পেয়েছে ব্র্যাক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2019, 06:26 PM

Updated : 18 Aug 2022, 04:44 PM

বুধবার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভারতের পুনেতে এক অনুষ্ঠানে বেসরকারি সংস্থা ক্যাটাগরিতে ব্র্যাককে এই পুরস্কার দেওয়া হয়।

‘স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন’ এই তিনটি দিকে গুরুত্ব দিয়ে পুরস্কার দেওয়া হয়ে থাকে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

ব্র্যাকের পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন বেসরকারি সংস্থাটির ফিন্যান্স বিভাগের পরিচালক তুষার ভৌমিক।

তুষার ভৌমিককে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “নিয়মিত ও পদ্ধতিগতভাবে ব্র্যাকের আর্থিক হিসাবের নিরীক্ষা হয়ে থাকে। আর্থিক হিসাব-নিকাশের বিবরণী পুরোপুরি প্রকাশ করার মাধ্যমে প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের উদ্দেশ্য।”

 “আমাদের কর্পোরেট গভর্নেন্স খুব শক্তিশালী। যা আমাদের সেরা ফাইনান্সিয়াল স্টেটমেন্ট উপস্থানের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে।”

ব্র্যাকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) ব্র্যাককে সেরা আর্থিক প্রতিবেদনের পুরস্কার দেয়। তারপর আইসিএবি ব্র্যাকের আর্থিক প্রতিবেদন ‘সাফা’র কাছে পাঠায়।

সেখানে সার্কভুক্ত ৮টি দেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের পাঠানো আর্থিক প্রতিবেদন যাচাই-বাছাই ও মূল্যায়নের পর ব্র্যাককে পুরস্কারটি দেওয়া হয়।