রেলের ৪০ ইঞ্জিন কেনার চুক্তি
বাংলাদেশ রেলওয়ের জন্য ৪০টি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) কিনতে যুক্তরাষ্ট্রের মেসার্স প্রগ্রেস রেলের সঙ্গে চুক্তি করেছে সরকার।
সোমবার রেলভবনে এ চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মোঃ শাসসুজ্জামান এবং যুক্তরাষ্ট্রের প্রগ্রেস রেলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্যাট্রিক ওডোনেল কোম্পানির পক্ষে স্বাক্ষর করেন।
রেলপথ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, রেলের মাধ্যমে মানুষকে কাংক্ষিত সেবা দেয়ার সর্বোত্তম চেষ্টা করা হবে। ইঞ্জিন পাওয়া শুরু করলে আরও বেশি রুটে ট্রেন চালানো সম্ভব হবে এবং এর মাধ্যমে বেশি রাজস্ব আহরণ হবে।
“লোকবল সংকটে সেবা বিঘ্নিত হচ্ছে। দ্রুত লোকবল নিয়োগের ব্যবস্থা করা হবে। রেল খাতকে একটি উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করব।”
চুক্তি অনুযায়ী ২৪ থেকে ৩৬ মাসের মধ্যে সকল ইঞ্জিন সরবরাহ করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবির অর্থায়নে লোকোমোটিভ গুলো ক্রয় করা হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় চুক্তি মূল্য ১ হাজার ১২৩ কোটি ৫ লাখ টাকা।
বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে ৯৪টি ব্রডগেজ লোকোমোটিভ রয়েছে; যার মধ্যে ৫৫টির অথনৈতিক আযুস্কাল (২০ বছর হিসাবে) শেষ হয়ে গেছে।
এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন, মহাপরিচালক কাজী রফিকুল আলম, নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
