নিজস্ব পণ্য ব্র্যান্ডিং করায় রাষ্ট্রপতির জোর
মধ্যম আয়ের দেশে উন্নীত হলে অনেক দেশে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক প্রবেশ সুবিধা থাকবে না উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবসায়ীদের সক্ষমতা অর্জনের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, “২০২১ সাল নাগাদ আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হবার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। তখন স্বল্পোন্নত দেশসমূহের জন্য প্রবর্তিত অগ্রাধিকারমূলক বাজার প্রবেশাধিকারের সুবিধা আমাদের থাকবে না। তাছাড়া বিভিন্ন অশুল্ক বাধাকেও অতিক্রম করার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এরূপ পরিস্থিতিতে উৎপাদক ও রপ্তানিকারকদের তীব্র প্রতিযোগিতায় টিকে থাকার সামর্থ্য ও সক্ষমতা অর্জন করতে হবে।”
বাংলাদেশি পণ্যের ব্রান্ডিং করার ওপর জোর দিয়ে আবদুল হামিদ বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে প্রতিযোগি দেশসমূহের সাথে ব্যবসা বাণিজ্যে টিকে থাকতে হলে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এ জন্য দক্ষতা অর্জনের পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ, নতুন বাজার সৃষ্টি ও পণ্যের বহুমুখীকরণেও মনোযোগী হতে হবে। উৎপাদনশীলতা বৃদ্ধির সাথে সাথে পণ্যের মানোন্নয়ন, পণ্যের ব্র্যান্ডিং ও আকর্ষণীয় করতে উদ্যোগী হতে হবে। নিজস্ব ব্র্যান্ডে রপ্তানি করা সম্ভব হলে রপ্তানির পরিমাণসহ এ খাত হতে প্রাপ্ত সুবিধা বহুলাংশে বৃদ্ধি পাবে।”
“এক্ষেত্রে পাটভিত্তিক বহুমুখী পণ্য, খাদ্যসহ এগ্রো-প্রসেসড পণ্য, হিমায়িত চিংড়ি, আম, আলু ইত্যাদি পণ্যের রপ্তানি বৃদ্ধির উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। শ্রমঘন আইসিটি খাতকে শুধুমাত্র দেশের উন্নয়নের মাধ্যম হিসেবে বিবেচনা না করে আইসিটি সংশ্লিষ্ট সেবা খাতের রপ্তানি বাড়াতে আমি উদ্যোক্তাবৃন্দকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।”
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বক্তব্য রাখেন বাণিজ্য সচিব মফিজুল ইসলাম, এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য্য।
পরে রাষ্ট্রপতি বাণিজ্য মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
