অঞ্চলভিত্তিক সম্ভাবনাকে কাজে লাগাতে চান বাণিজ্যমন্ত্রী
দেশের বিভিন্ন অঞ্চলে কৃষি উৎপাদন নির্ভর পণ্যভিত্তিক যেসব সম্ভাবনা আছে সেগুলোকে কাজে লাগাতে চান নতুন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরুর আগের দিন মঙ্গলবার শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
টিপু মুনশি বলেন, “আমি সবে দায়িত্ব নিলাম। মাথায় কিছু আইডিয়া আছে। সেই আলোকে কাজ করে যাব। তার মধ্যে ময়মনসিংহে যেমন মাছ চাষ হয় সেই মাছ উৎপাদন বাড়ানো, সেই সাথে অত্র এলাকার জন্য হিমাগার তৈরি করা। রংপুর অঞ্চলে ধান, গম, আলুসহ যে সকল কৃষি পণ্য হয় সেসব নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে।”
সংবাদ সম্মেলনে এ কার্যক্রমের উদ্বোধন করতে চাইলেও যান্ত্রিক সমস্যার কারণে বাণিজ্যমন্ত্রী তা করতে পারেননি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় ছোট বড় মিলিয়ে ৬০৫টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৫৯টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ১৯টি সাধারণ প্যাভিলিয়ন, ২৬টি বিদেশি প্যাভিলিয়ন, ছয়টি সংরক্ষিত প্যাভিলিয়ন, ৩২টি সাধারণ মিনি প্যাভিলিয়ন, ৩৬টি প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন, নয়টি বিদেশি মিনি প্যাভিলিয়ন, ছয়টি সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন, ৬৮টি প্রিমিয়ার স্টল বিদেশি, ১৭টি প্রিমিয়ার স্টল, ২৯৫টি সাধারণ স্টল, ৩০টি ফুড স্টল এবং দুটি রেস্তোরাঁ।
