সিটি গ্রুপের দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল মুন্সিগঞ্জে
মুন্সিগঞ্জের গজারিয়ায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রাথমিক অনুমোদন পেয়েছে ভোগ্যপণ্য খাতের পরিচিত প্রতিষ্ঠান সিটি গ্রুপ।
সোমবার উপজেলার হোসেন্দী ইউনিয়নে ১০৮ একর জমির ওপর `হোসেন্দী ইকোনমিক জোন’ প্রতিষ্ঠায় সিটি গ্রুপকে প্রাক-যোগ্যতা সনদ হস্তান্তর করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ- বেজা।
সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের মেয়ে শম্পা রহমান হোসেন্দী ইকোনমিক জোনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।
অনুষ্ঠানে শম্পা রহমানের হাতে প্রাক যোগ্যতা সনদ তুলে দেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
এক বছর আগে দেশের ষষ্ঠ অর্থনৈতিক অঞ্চল হিসাবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে প্রায় ৭৮ একর জমির ওপর ‘সিটি ইকোনমিক জোন’ নামের একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন পেয়েছিল সিটি গ্রুপ।
হোসেন্দী ইকোনমিক জোনের চেয়ারম্যান শম্পা রহমান বলেন, হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলে সিমেন্ট, সল্ট অ্যান্ড কেমিক্যালস, সিরামিক পণ্য, শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিজ এবং ১০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পাওয়ার প্ল্যান্টসহ মোট ১০টি শিল্প ইউনিট স্থাপনের পরিকল্পনা করছেন তারা।
“১০ হাজার কোটি টাকা বিনিয়োগে এসব শিল্প প্রতিষ্ঠানে প্রায় ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে।”
মেঘনা নদীর তীরে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় নৌপথ ও সড়কপথে যোগাযোগের বিশেষ সুবিধা থাকছে হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলে। রাজধানী থেকে ২৫ কিলোমিটার ও চট্টগ্রাম বন্দর থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত এ অর্থনৈতিক অঞ্চল।
বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের জন্য দেশি-বিদেশি বিনিয়োগকারীদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, হোসেন্দী ইকোনমিক জোনের চেয়ারম্যান দীর্ঘদিন ধরে সিটি গ্রুপের সঙ্গে কাজ করছেন। বিনিযোগকারী ও শিল্পদ্যোক্তা হিসাবে নারীদের অগ্রাধিকার দেবেন তিনি।
