২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার রাস্তায় খেলাধুলার আয়োজন

প্রতিদিনের মত যানবাহনের ছুটে চলা নেই; ব্যস্ততার বদলে সেই সড়কে আছে খেলাধুলার আয়োজন। শিশু-কিশোরদের কাছে আনন্দের বারতা নিয়ে হাজির হয় রাজধানী ঢাকার একটি সড়ক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2019, 08:01 PM

Updated : 18 Aug 2022, 04:38 PM

প্রতি মাসের প্রথম শুক্রবার এই রকম খেলাধুলার আয়োজন করা হয় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে; এ বছরের প্রথম আয়োজনটি হবে ৪ জানুয়ারি।

আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান সার্ফ এক্সেলের এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, ওইদিন মানিক মিয়া এভিনিউ সড়কের প্রায় ২০০ মিটার অংশে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে।

এ সময় ইউনিলিভার বাংলাদেশের ব্র্যান্ড সার্ফ এক্সেলের সহযোগিতায় খেলাধুলার নানা আয়োজন রাখছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএ।

ডিটিসিএর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমানকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালের নভেম্বর থেকে প্রতি মাসে এই আয়োজন চলছে। এ কর্মসূচিতে গড়ে প্রায় ৫০০ লোক সমবেত হচ্ছে। শিশু-কিশোর, নারী-পুরুষ, প্রবীণ, প্রতিবন্ধী নির্বিশেষে সব ধরনের মানুষ রয়েছে তাদের মধ্যে।

ইউনিলিভার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর তানজিন ফেরদৌস আলমকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “খেলাধুলা শিশুদের অন্যতম প্রধান অধিকার। এই বিশ্বাস থেকে সার্ফ এক্সেল মনে করে, প্রতিভা বিকাশে শিশুদের এই অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ খেলার মাধ্যমেই শিশুরা অনেক কিছু শিখে।”