উন্নয়নের পক্ষে গণরায়: এফবিসিসিআই
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের বিজয়কে ‘ঐতিহাসিক জয়’ অবিহিত করে অভিনন্দন জানিয়েছেন এফবিসিসিআই
বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখার পক্ষে এক তাৎপর্যপূর্ণ গণরায় বলে মনে করে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ এই সংগঠনটি।
সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এফবিসিসিআই বলেছে, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোটের প্রতি জনগণের বিপুল সমর্থন চলমান গণতান্ত্রিক ধারা এবং বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখার পক্ষে এক তাৎপর্যপূর্ণ গণরায় বলে এফবিসিসিআই দৃঢ়ভাবে বিশ্বাস করে।”
“বেসরকারি খাতের শীর্ষ সংগঠন এফবিসিসিআই দেশের ব্যবসায়ি সম্প্রদায়ের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক এ নির্বাচনে মহাজোটের ঐতিহাসিক জয়ে গভীর সন্তোষ ও আশাবাদ ব্যক্ত করছে।”
“শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট টানা তৃতীয়বারের মত সরকার গঠন করে দেশের চলমান উন্নয়নের ধারাকে আরও বেগমান ও শক্তিশালী করবে বলে এফবিসিসিআই নেতৃবৃন্দ আন্তরিকভাবে আশাবাদী।”
বাংলাদেশকে একটি উন্নত দেশের মর্যাদা প্রদানের লক্ষ্যে ব্যবসা-বান্ধব মহাজোট সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতি দেশের ব্যবসায়ী সম্প্রদায় সবসময়ের মত পূর্ণ সমর্থন ও সহযোগিতা করবে বলে বিজ্ঞপ্তিতে অঙ্গিকার করা হয়েছে।
