২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের আগে বিক্রি বেশি কাঁচাবাজারে

নির্বাচনের আগে বিক্রি বেড়েছে কাঁচাবাজারে।তবে দামে খুব একটা হেরফের হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2018, 07:30 PM

Updated : 11 Oct 2022, 12:52 PM

রোববার অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। শনিবার রাত থেকে সড়কপথে যানচলাচল বন্ধ থাকায় পণ্য সরবরাহে ঘাতটি হতে পারে; বেড়ে যেতে পারে দাম- এ শঙ্কায় বাজারে গিয়ে বেশি বেশি পণ্য কিনছেন ক্রেতারা।

চাল-ডালসহ অন্যান্য পণ্যের বিক্রি না বাড়লেও মাছ-মাংস, তরিতরকারি-শাকসবজির বিক্রি বেশ বেড়েছে।

শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

তহমিনা ইয়াছমিন শিল্পী শেওড়াপাড়া বাজার থেকে ২ হাজার ৭০০ টাকা দিয়ে সোয়া দুই কেজি ওজনের একটি বোয়াল মাছ, এক কেজি ওজনের গুলশা চেংড়া এবং আধা কেজি গলদা চিংড়ি কিনেছেন।

একইসঙ্গে ১ হাজার ১০০ টাকা দিয়ে দুটি দেশী মুরগি এবং তিন-চার দিনের সবজি কিনেছেন।

বাজার করার সময় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েক দিন গাড়ি-ঘোড়া চলবে না। ভোটের পর কি হয়- কে জানে? বেশি বেশি কিনে রাখলাম আর কি।”

জাতীয় সংসদ নির্বাচন নির্ঘিঘ্ন করার লক্ষ্যে যান চলাচলে বিধিনিষেধ আরোপ হয়েছে।২৯ ডিসেম্বর (শনিবার) দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর (রোববার) দিবাগত মধ্যরাত পর্যন্ত সড়কপথে ১০ ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।

হাতিরপুল বাজারে ক্রেতা হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনের পর পণ্য সরবরাহে ঘাটতি হতে পারে।এ আশঙ্কায় বেশী করে সবজি ও অন্যান্য পণ্য কিনে রাখছি।”

হাতিরপুলের কাঁচাবাজারের ব্যবসায়ী রহমানি মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্যান্য দিনের তুলনায় শুক্রবার এমনিতেই বেচাবিক্রি বেশী হয়।আজ ক্রেতা তুলনামূলক ভাবে কম তবে যারা বাজারে এসেছে তারা অন্যান্য দিনগুলোর তুলনায় বেশীই কিনেছে।”

টানা চার দিনের ছুটি কাটাতে এবং ভোট দিতে অনেকেই গ্রামের বাড়িতে চলে গেছেণ বলে জানান তিনি।

বাজারগুলো ঘুরে দেখা যায়, সবজি বাজারে শীতের সবজি আগের দরেই বিক্রি হচ্ছে। নতুন আলু ৩৫ থেকে ৪০ টাকা, বাধাকপি ও ফুলকপি ২০ টাকা থেকে ২৫ টাকা, সিম ৩০টাকা থেকে ৪০ টাকা, কাঁচামরিচ ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ডিম ও ব্রয়লার মুরগির দাম কিছুটা বাড়তি দেখা যায়।পুরান ঢাকার নবাবগঞ্চ বাজারের মুরগি বিক্রেতা মাসুদ জানান, গত সপ্তারের তুলনায় শুক্রবার কেজিতে ১০ টাকা বেড়ে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। ডিমের হালিতে ৩ টাকা বেড়ে বাজারভেদে ৩৪ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

মিরপুর এক নম্বর পাইকারি কাঁচাবাজরের পেয়াঁজ বিক্রেতা পলাশ সাহা জানান, নতুন উঠা দেশি পেঁয়াজ ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি করছেন তারা।

তবে হাতিরপুল খুচরা বাজারে এই পেয়াঁজ ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

মিরপুর এক নম্বর কাঁচাবাজারের চাল ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান মিয়া বলেন, গত দুই মাস ধরে চালের বাজার একই রকম যাচ্ছে।মিনিকেট ৫২ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।চালের বেচাকেনা আগের তুলনায় কম বলে জানান তিনি।