টাকা তুলতে ব্যাংকে ভিড়
টানা চার দিনের ছুটির আগের দিন বৃহস্পতিবার টাকা তুলতে ব্যাংকে ভিড় জমিয়েছিলেন গ্রাহকরা।
ছুটির এই দিনগুলোতে গ্রাহকদের প্রয়োজনীয় টাকা তুলতে যাতে কোন সমস্যা না হয় সেজন্য রাজধানী ঢাকাসহ সব ব্যাংকের এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার রাজধানীর সব ব্যাংকেই ছিল উপচো পড়া ভিড়। গ্রাহকদের সেবা দিতে হিমশিম খেতে দেখা গেছে ব্যাংক কর্মকর্তাদের।
বছরের শেষ চার দিন বাংলাদেশের কোন ব্যাংকেই লেনদেন হবে না। বন্ধ থাকবে পুঁজিবাজার।
এ চার দিন পুঁজিবাজার এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোও বন্ধ থাকবে।
সে কারণে বৃহস্পতিবার ছিল ২০১৮ সালের শেষ কার্যদিবস। এদিনই চূড়ান্ত হয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বার্ষিক হিসাব।
২৫ ডিসেম্বর বড়দিনের ছুটির কারণে মঙ্গলবারও বন্ধ ছিল ব্যাংক।
জাতীয় নির্বাচন, সাপ্তাহিক ছুটি ও ব্যাংক হলিডের কারণে টানা চার দিন বন্ধ থাকছে লেনদেন। এ বছর আর গ্রাহকরা লেনদেন করতে পারবেন না। তবে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন। আর এ কারণে চলতি সপ্তাহে ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পড়েছে।
রাজধানীর গুলশান, মতিঝিল, দিলকুশা, পল্টন, গুলিস্তান, দৈনিক বাংলাসহ বিভিন্ন এলাকার ব্যাংক ঘুরে এমন চিত্র দেখা গেছে।
৩০ নির্বাচন জাতীয় নির্বাচনের প্রয়োজনীয় খরচ মেটাতে অনেক প্রার্থীও টাকা তুলেছেন বলে বেসরকারি এক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান।
এদিকে নগদ টাকার চাহিদা মেটাতে এক ব্যাংক আরেক ব্যাংক থেকে কলমানিতে প্রচুর ধার নিচ্ছে। এতেও চাহিদা না মেটায় ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকেও নগদ টাকা ধার নিয়েছে।
১৬ ডিসেম্বরের পর থেকে বাংলাদেশ ব্যাংক ও কলমানি থেকে দৈনিক গড়ে প্রায় আট হাজার কোটি টাকা ধার করেছে বিভিন্ন ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, “আন্তঃব্যাংকে টাকা না পেলে ব্যাংকগুলো সাধারণত কেন্দ্রীয় ব্যাংকে আসে। চাহিদা বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক স্বল্প মেয়াদে টাকা দেয়। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে কোনও অসঙ্গতিপূর্ণ লেনদেন যেন না হয়, সে জন্য ব্যাংকগুলোকে আগে থেকেই সতর্ক করা হয়েছে।”
এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ
টানা চার দিনের ছুটিতে সব ব্যাংকের এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
পাশাপাশি এটিএম বুথ, পয়েন্ট অব সেল (পিওএস) এবং অনলাইন ই-পেমেন্ট গেটওয়ে ব্যবস্থা চালু নিরবচ্ছিন্ন চালু রাখারও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো এক সার্কুলারে এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট।
