২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসুন্ধরায় সাউথ বাংলার মহিলা শাখা

রাজধানীর বসুন্ধরায় মহিলা শাখা খুলেছে বেসরকারি সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2018, 07:39 PM

Updated : 19 Aug 2022, 03:05 PM

এই শাখায় ম্যানেজার থেকে শুরু করে গার্ড সব কর্মকর্তা-কর্মচারিই মহিলা। সেবাও দেয়া হবে মহিলাদের। তবে পুরুষ গ্রাহকরাও লেনদেন করতে পারবেন। তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১ নম্বর রোডে  শাখাটির উদ্বোধন করা হয়।

এটি সাউথ বাংলা ব্যাংকের প্রথম মহিলা শাখা; মোট শাখার সংখ্যা হল ৭৪টি।

বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে মহিলা শাখা খুলতে হয়। রাজধানীতে আরও কয়েকটি ব্যাংকের মহিলা শাখা রয়েছে

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন।

ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ,উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী এবং শাখার ব্যবস্থাপক শাহানাজ আকতার।

অন্যদের মধ্যে ব্যাংকের ব্যাংকের এসইভিপি আলতাফ হোসেন ভুঁইয়া ও নুরুল আজিম, মহাব্যবস্থাপক হাফিজুর রহমান, অপারেশন বিভাগের প্রধান আবু বায়জিদ শেখ, হেড অব কার্ড মোহাম্মদ শফিউল আজমসহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আহমেদ আকবর সোবহান বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাদের উন্নয়নের বাইরে রাখার কোনো সুযোগ নেই। দেশে লাখ লাখ পুরুষ উদ্যোক্তা রয়েছেন, কিন্তু সে তুলনায় নারী উদ্যোক্তার সংখ্যা কম।

“এসবিএসি ব্যাংকের এই মহিলা শাখা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। এ শাখার মাধ্যমে অনেক নারী উদ্যোক্তা হয়ে উঠবেন বলে আমি আশা করি।” 

ব্যাংকের চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, সাউথ বাংলা ব্যাংক কৃষি ও বাণিজ্যকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে।পাশাপাশি ব্যতিক্রমী সেবা নিয়ে গ্রাহকের কাছে উপস্থিত হয়।

“আমাদের মহিলা শাখার কার্যক্রম একটি বিশেষায়িত সেবা। আমরা বিশ্বাস করি, নারীর স্বাবলম্বী ব্যতীত দেশের টেকসই উন্নতি সম্ভব নয়। সে জন্য নারীদের জন্য আমাদের এই আয়োজন।”

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক বলেন,চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে এসবিএসি ব্যাংক প্রথম বিশেষায়িত সেবার মহিলা শাখার কার্যক্রম শুরু করেছে।

“বিজয়ের এই মাসে এটা আমাদের জন্য বড় গৌরবের।”