পটিয়ায় আল-আরাফাহ্ ব্যাংক
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড চট্টগ্রামের পটিয়ায় শাখা খুলেছে।
সোমবার সকালে ব্যাংকটির ১৬৮তম এই শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারারের সভাপতি কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান এই শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সামসুল হক চৌধুরী এবং এআইবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আহামেদুল হক।
১৯৯৫ সালে যাত্রা শুরু করে আল-আরাফাহ ইসলামী ব্যাংক।
ব্যাংকের সবগুলো শাখায় শরীয়াহ্সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দিয়ে চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু বলেন, “শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার উদ্দেশ্য নিয়ে এই ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে।”
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী বলেন, “ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। সেই কাজটিই আমরা করছি।”
শরীয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে আল-আরাফাহ্ ব্যাংকের নানা উদ্যোগের প্রশংসা করেন মেট্রোপলিটন চেম্বারারের সভাপতি খলিলুর রহমান।
অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হাবীব উল্লাহ, জালাল আহমেদ, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুন রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান উপস্থিত ছিলেন।
