ওসামা তাসীর ঢাকা চেম্বারের নতুন সভাপতি
ওসামা তাসীর ঢাকা চেম্বারের সভাপতি নির্বাচিত হয়েছেন।
জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন ওয়াকার আহমেদ চৌধুরী।সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইমরান আহমেদ।
শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ৫৭তম বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়ী এই সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
২০১৯ সালের জন্য তারা নির্বাচিত হয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন সভাপতি ওসামা তাসীর বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতের একজন সফল উদ্যোক্তা। তিনি ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন।
তিনি তৈরী পোষাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ফোর উইংস লিমিটেডের চেয়ারম্যান। তার এই প্রতিষ্ঠান ১৯৯২ সাল থেকে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাক তৈরি করে; যেগুলো ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, চিলি, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি হয়ে থাকে।
ওসামা তাসীর ২০১৪ সালে ঢাকা চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৭-২০০৮ মেয়াদে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর পরিচালক ছিলেন।
এছাড়াও তিনি ২০০৯-২০১০ সালে ডাচ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি যুক্তরাষ্ট্রের এডেলফি বিশ্ববিদ্যালয় হতে ফিন্যান্স অ্যান্ড মার্কেটিং বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। ভ্যানগার্ড এসেট ম্যানেজমেন্ট লিমিটেডের (প্রাইভেট ইকুয়িটি প্রদানকারী শীর্ষস্থানীয় মিউচুয়ার ফান্ড ম্যানেজার) ব্যাবস্থাপনা পরিচালক তিনি।
বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এডিএন টেলিকমের পরিচালক ওয়াকার আহমেদ। এএফসি হেলথ লিমিটেডের পরিচালকও তিনি।
এছাড়া তিনি আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোক্তা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সহ-সভাপতি ইমরান আহমেদ নওয়াব অ্যান্ড সন্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আইএসএএস ট্রেডিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক।
ডিসিসিআইর নির্বাচিত নতুন পরিচালকরা হলেন- আশরাফ আহমেদ, দ্বীন মোহাম্মদ, এনামুল হক পাটোয়ারী, রাশেদুল করিম মুন্না এবং শামস্ মাহমুদ।
