ফরিদপুরের সদরপুরে শাহ্জালাল ব্যাংক
ফরিদপুর জেলার সদরপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১২০তম শাখার উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের পরিচালক এ কে আজাদ সোমবার শাখাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম সভাপত্বি করেন।
একইসঙ্গে ব্যাংকের শাখা প্রাঙ্গণে একটি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, কর কমিশনার এ কে এম বোরহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিজামুল হক ভূঁইয়া এবং তমিজউদ্দীন টেক্সটাইলের স্বত্বাধিকারী শোয়েব চৌধুরী উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান মাহবুবুর রশীদ, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের সামছুদ্দোহা উপস্থিত ছিলেন।
এ কে আজাদ বলেন, বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। শহর থেকে গ্রামে সর্বত্র এই উন্নয়নের চিত্র প্রতিফলিত হচ্ছে। গ্রামীণ অর্থনীতি উন্নয়নে আত্ম-কর্মসংস্থানভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টিতে ব্যাংক সহায়তা করতে পারে।
তিনি বলেন, শাহ্জালাল ব্যাংকের এসএমই ও নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ বিনিয়োগ প্রকল্প রয়েছে; যা থেকে বেকার নারী ও পুরুষ অনেকেই উপকৃত হয়েছেন।
সদরপুরে শিল্প-বাণিজ্যের উন্নয়নে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠায় শাহ্জালাল ব্যাংক অর্থায়ন করবে বলে জানান আজাদ।
ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম, শাহ্জালাল ব্যাংক সমাজের সর্বস্তরের জনগণের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সে লক্ষ্যে শাখা সম্প্রসারণ করে গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখাছে শাহ্জালাল ব্যাংক।
