এসবিএসির করপোরেট শাখা দৈনিক বাংলা মোড়ে
রাত আটটা পর্যন্ত ব্যাংকিং সেবা দিতে কর্পোরেট শাখা চালু করেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড।
রোবার রাজধানীর দৈনিক বাংলার মোড়ে বিএসসি টাওয়ারে এসবিএসি ব্যাংকের ৬৫তম এই শাখাটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন বলেন, “পল্টন-মতিঝিল এলাকার ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যার কথা মাথায় রেখে এই করপোরেট শাখায় প্রতি কর্মদিবসে রাত আট পর্যন্ত লেনদেনের ব্যবস্থা করা হয়েছে।
“আমাদের ব্যাংকের সার্বিক কার্যক্রম হবে গ্রাহকবান্ধব।”
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক বলেন, “শনিবার আমরা ব্যাংকের লোগো পরিবর্তন করেছি। নতুন লোগোর মূল বার্তা হচ্ছে ‘বন্ধন’। আমরা মনে করেছি গ্রাহকদের সঙ্গে আমাদের বন্ধন স্থায়ী করা দরকার।
“সময়ের পরিবর্তনের সঙ্গে আমাদের ব্যাংকিং সেবায় যেমন স্বতন্ত্র আনা প্রয়োজন, তেমনি ব্যাংকের পরিচায়ক লোগোও সময়োপযোগী এবং আকর্ষণীয় করার প্রয়াস গ্রহণ করেছি।”
অনুষ্ঠানে মধুমতি ব্যাংকের চেয়ারম্যান হুমায়ুন কবীর, প্রাইম গ্রুপের চেয়ারম্যান এম এ আউয়াল, এসবিএসি ব্যাংকের পরিচালক হাফিজুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী ও মামুনুর রশিদ মোল্লা উপস্থিত ছিলেন।
