২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশি-বিদেশি ডেনিম পণ্যের পসরায় এক্সপো শুরু

জার্মানি, তুরস্কসহ ডজনখানেক দেশের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির ডেনিম পণ্যের সমাহারে ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রদর্শনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2018, 11:51 PM

Updated : 11 Oct 2022, 12:45 PM

বুধবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এ প্রদর্শনীতে বিগত বছরগুলোর তুলনায় অধিক সংখ্যক দর্শনার্থীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

নবমবারের এই এক্সপোর মূল প্রতিপাদ্য হিসাবে ডেনিমের পূর্ণাঙ্গ সাপ্লাই চেইন সহজ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে ডেনিম এক্সপোর বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জিএম আবু হায়দার কাফি জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের ১২টি দেশের ডেনিম ব্যবসায়ীরা এবারের প্রদর্শনীতে অংশ নিচ্ছেন। মোট ৬৩টি বুথে দেশি-বিদেশি ৬৫টি কোম্পানি তাদের পণ্য নিয়ে বসেছে। 

বিগত প্রদর্শনীর চেয়ে এবারের প্রদর্শনীতে আমন্ত্রিত দর্শনার্থীর সংখ্যা অন্তত দুই হাজার বাড়ানো হয়েছে বলে জানান আয়োজকরা। এবারের প্রদর্শনীতে ডেনিমে বাংলাদেশের অগ্রগতি, নিরাপদ কর্মপরিবেশ ও টেকসই পোশাক শিল্পের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে।

প্রদর্শনীতে অংশ নেওয়া বাজের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্সের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. আফসার উদ্দিন বলেন, “দেশীয় ডেনিম শিল্পের বিকাশে এই প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিজেদের পণ্যগুলো বিশ্ববাজারে তুল ধরতে এ ধরনের প্রদর্শনীর বিকল্প নেই।”

তুরস্ক থেকে ডেনিম পণ্যের জন্য মেটাল এক্সেসরিজ আমদানিকারক কোম্পানি জামাক্স মেটালের আব্দুল্লহ আল মামুন বলেন, মাত্র ছয় মাস আগে তারা তুরস্ক থেকে এক্সেসরিজ আমদানি শুরু করেছেন।

নতুন বাজার সৃষ্টিতে প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশ ডেনিম এক্সপোর মূল উদ্দেশ্য হচ্ছে, আন্তর্জাতিক ডেনিম সম্প্রদায়ের চাহিদা সম্পর্কে জেনে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং দেশের ডেনিম পণ্য সম্পর্কে বিশ্বকে জানানো।

পাশাপাশি নতুন ব্যবসায়িক সম্পর্ক স্থাপন ও ডেনিমের সর্বাধুনিক উদ্ভাবন সম্পর্কে পারস্পরিক জ্ঞান বিনিময় করা।

তিনি আরও বলেন, “বর্তমান বিশ্বে ডেনিম বাজারে সিমপ্লিসিটি খুবই গুরুত্বপূর্ণ ও জনপ্রিয়। তাই আমরা এবারের আসরে ডেনিম শিল্পে টেকসই ও পরিবেশবান্ধব উপদান নিয়ে আলোচনার আয়োজন করেছি।”

প্রদর্শনীর প্রথম দিনে দুটি সেমিনার ও একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়। ‘সিম্পলার ইজ বেটার’ শিরোনামের সেমিনারে জেনোলজিয়া এসআরএলের সেলস ডিরেক্টর জোরডি জোয়ানি বাংলাদেশি পণ্য ও কাপড় ব্যবহার করে আধুনিক ফিনিশিং টেকনোলজি (বাংলাদেশে উদ্ভাবিত) সম্পর্কে আলোচনা করেন।