ইবিএলের ‘মানি লন্ডারিং প্রতিরোধ’ কর্মশালা
কক্সবাজারে ‘মানি লন্ডারিং প্রতিরোধ এবং সন্ত্রাস অর্থায়নের বিরুদ্ধে যুদ্ধ’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা করেছে বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেড-ইবিএল।
সম্প্রতি জেলার বিভিন্ন ব্যাংক থেকে ৫৮ জন শাখা ব্যবস্থাপক এবং এন্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স শাখার কর্মকর্তারা প্রশিক্ষণ গ্রহণ করেন বলে ইবিএল’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটের (বিএফআইইউ) মহাব্যবস্থাপক এবং অপারেশন প্রধান জাকির হোসেন চৌধুরী কর্মশালায় বক্তব্য রাখেন।
কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন বিএফআইইউর উপমহাব্যবস্থাপক শওকাতুল আলম এবং হাবিবুর রহমান, যুগ্ম পরিচালক মোহাম্মদ আব্দুর রব, ইস্টার্ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম এ কিউ সারোয়ার।
ইস্টার্ন ব্যাংকের হেড অব কমপ্লায়েন্স শাহজাহান আলী, হেড অব মনিটরিং আব্দুল আউয়াল এবং কক্সবাজার শাখা ব্যবস্থাপক সৌরিন্দ্র নাথ পাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
