কিশোর-কিশোরীদের রান্নার প্রতিযোগিতা ‘তীর লিটল শেফ’
নানা শিল্পের মত রন্ধনেও কিশোর-কিশোরীদের সৃজনশীলতা ফুটিয়ে তুলতে ‘তীর লিটল শেফ’ রান্নার প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে।
প্রথমবারের মত আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বয়স ১২-১৬ বছরের মধ্যে হতে হবে।বিজয়ী পাবেন পাঁচ লাখ টাকা। পুরো প্রতিযোগিতাটির ১৩টি পর্বে দুরন্ত চ্যানেলে প্রচারিত হবে।
রোববার রাজধানীর বনানীর দুরন্ত টেলিভিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান সিটি গ্রুপের নির্বাহী পরিচালক সোয়েব এম আসাদুজ্জামান।
বাছাই পর্বে অংশ নিতে ইচ্ছুকদের নিবন্ধনের জন্য মেসেজে ইংরেজিতে টিএলসি (TLC) লিখে স্পেস দিয়ে বিভাগের কোড, স্পেস দিয়ে বয়স ও স্পেস দিয়ে নাম লিখে এসএমএস করতে হবে ২২০১০ নম্বরে।
প্রতিযোগিতার প্রথম আসরের বাছাই পর্ব ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, খুলনা ও বগুড়াতে আয়োজিত হবে বলে জানান আসাদুজ্জামান।
“এবার প্রথম বলে মাত্র ছয়টি জেলায় অডিশন নিচ্ছি, তবে আগামী বছর থেকে ১০-১৫টি জেলায় অডিশন নেওয়া হবে।”
অডিশন রাউন্ডে বাছাইকৃত ৩০ জন থেকে চূড়ান্ত পর্বের জন্য ১০ জনকে নির্বাচিত করা হবে; যারা তীরের রান্না ঘরে প্রতিযোগিতা লড়ার সুযোগ পাবেন।
সম্মেলনে দুরন্ত টেলিভিশনের পরিচালক অভিজিৎ চৌধুরী বলেন, “চিত্রাঙ্কন, সঙ্গীত, আবৃত্তির মত রন্ধনের মাধ্যমেও শিশু-কিশোররা সৃজনশীলতা প্রকাশ করতে পারে। রন্ধনশিল্পী হওয়াও যে পেশা হিসেবে নেওয়া সম্ভব এটা আমাদের দেশের মানুষ ভাবতেই পারে না। ”
রান্না নিয়ে মানুষের এই মানসিকতা পরিবর্তনে প্রতিযোগিতাটি ভূমিকা রাখবে বলে মন্তব্য করে তিনি।
প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা যথাক্রমে ২ লাখ ও ১ লাখ টাকা পাবেন। চূড়ান্ত পর্বে নির্বাচিত সব অংশগ্রহণকারীই ক্রেস্ট ও প্রাইজমানি পাবেন।
