ডাকঘরে ‘নগদ’ সেবা
বাংলাদেশের সব ডাকঘরে পাওয়া যাবে ‘নগদ’ এর সেবা। ডাক বিভাগের ৪০ হাজার দক্ষ জনশক্তি যুক্ত থাকবেন এই কাজে।
এছাড়া এজেন্ট নিয়োগের মাধ্যমে হাট-বাজারসহ বিভিন্ন স্থানেও মিলবে এই সেবা। আগামী বছরের শুরুতে ‘নগদ’ এর সেবা আনুষ্ঠানিকভাবে চালু হবে।
বিকাশ, রকেট, ইউক্যাশসহ বিদ্যমান মোবাইল ব্যাংকিং সেবাগুলোর মতোই ‘নগদ’ হবে আরেকটি মোবাইল ব্যাংকিং সেবা। বাংলাদেশ ডাক বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত হবে এই সেবা।
‘নগদ’ কে মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে দেশজুড়ে প্রায় ১০ হাজার পোস্ট অফিস (ডাকঘর) অন্তর্ভুক্ত করার কাজ শুরু করেছে ডাক বিভাগ।
প্রাথমিকভাবে জেলা পর্যায়ের পোস্ট অফিসগুলোকে এবং পরবর্তীতে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের শাখাগুলোকে এই কার্যক্রমের আওতায় নিয়ে আসা হবে বলে ডাক বিভাগের মহাপরিচালক সুশাস্ত কুমার মন্ডল জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গ্রামের প্রান্তিক মানুষের কাছে সহজে আর্থিক সেবা পৌঁছে দিতেই ‘নগদ’ এর কার্যক্রম শুরু করা হচ্ছে।
“নগদ নিয়ে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে নতুন করে কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। তারা সবাই খুশি। আমাদের বিশাল এই কর্মিবাহিনী নগদ-এর কার্যক্রম শুরু করতে সবদিক দিয়েই এখন প্রস্তুত।”
“আমাদের প্রত্যন্ত পর্যায়ের কর্মীরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সরাসরি ভূমিকা রাখতে পারার বিষয়টিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছি আমরা।”
“ডাক বিভাগের আধুনিকরণের ক্ষেত্রেও একটা বড় অর্জন এটি। পাশাপাশি এই পদক্ষেপটি দেশের সার্বিক আর্থিক অন্তর্ভূক্তিতেও ভূমিকা রাখবে।”
বাংলাদেশ ডাক বিভাগ কয়েক দশক ধরে অর্থ আদান প্রদানের প্রধান মাধ্যম হিসাবে মানুষের দোরগোড়ায় সেবা দিয়ে আসছে। ডাক বিভাগ সময়ের বিবর্তনে নতুন প্রযুক্তি নিয়ে কাজ করার ধারাবাহিকতায় ২০১০ সালে চালু হয় পোস্টাল ক্যাশ কার্ড এবং ইলেক্ট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম।
গত কয়েকবছর এতে উল্লেখযোগ্য অগ্রগতি না হলেও নগদ নিয়ে কয়েকমাস ধরে নতুন উদ্যম লক্ষ্য করা যাচ্ছে ডাক বিভাগের বিভিন্ন স্তরের কর্মিদের মধ্যে।
জেলা পর্যায় থেকে নামের তালিকা তৈরী করতে গিয়ে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে জানিয়ে নগদের হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স মো. সোলায়মান বলেন, “জেলা ডাকঘরগুলো থেকে আমরা ইতোমধ্যেই আশাতীত সাড়া পেয়েছি। বিশেষ করে নতুন প্রযুক্তির ব্যাপারে এই আগ্রহ আমাদেরকে উদ্দীপ্ত করেছে অনেক বেশি।”
“ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসের খুটিনাটি ও অ্যান্টি মানি লন্ডারিং নিয়ে কর্মশালায় অংশ নেয়ার জন্যে ইতোমধ্যেই সারা দেশ থেকে ২০০০ জনের তালিকা তৈরী করা হয়েছে।”
সরকারি এবং বেসরকারি মিলিত এই উদ্যোগ দেশের বিভিন্ন পোস্ট অফিসের কর্মচারীদের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার পেছনে বিশেষ অবদান রাখবে বলে মনে করেন তিনি।
সোলায়মান বলেন, ডাকঘর ছাড়াও হাট-বাজারসহ দেশের বিভিন্ন স্থানে ‘নগদ’ সেবা পাওয়া যাবে। এজেন্ট নিয়োগের মাধ্যমে এই সেবা দেওয়া হবে।
আগামী বছরের শুরুতে ‘নগদ’ এর সেবা আনুষ্ঠানিকভাবে চালু হবে জানান তিনি।।
“সারা দেশে ডাক বিভাগের বিস্তৃত অবকাঠামোর সাথে প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে ডিজিটাল বাংলাদেশ ভিশনকে এগিয়ে নেয়ার একটা তাগিদ অনুভূত হচ্ছিলো অনেক বছর ধরে। নগদ সেই আলোচনা-সমালোচনা এবং অভিজ্ঞতার ফসল।”
আর্থিক খাতের সরকারি এবং বেসরকারি দক্ষ কর্মীদের নিয়ে পরিচালিত হচ্ছে নগদ।
বিকাশ, রকেট, ইউক্যাশসহ বিদ্যমান মোবাইল ব্যাংকিং সেবাগুলোর চেয়ে কয়েকগুণ বেশি লেনদেন সীমা এবং ব্যালেন্স নিয়ে চালু হতে যাচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল অর্থ লেনদেন সেবা নগদ।
সারাদেশে এজেন্ট নিয়োগের মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় এ সেবা দেওয়া হবে, যেখানে একজন গ্রাহক দিনে ১০ বারে আড়াই লাখ টাকা জমা এবং একই পরিমাণ টাকা উত্তোলন করতে পারবেন।
বর্তমানে বিকাশ, ইউক্যাশ বা রকেটের একজন গ্রাহক দিনে দুই বারে সর্বোচ্চ ১০ হাজার টাকা উত্তোলন এবং ১৫ হাজার টাকা জমা করতে পারেন।
নতুন এই সেবা চালুর জন্য এরই মধ্যে এজেন্ট নিয়োগের কাজ শুরু হয়েছে।
