নানা দাবি নিয়ে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের সংবাদ সম্মেলন
চাকরি হারানোর শঙ্কা আছে এমন সব ধরনের প্রকল্প বন্ধের দাবি জানিয়েছে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন।
তবে গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যবসায়িক প্রয়োজনে নতুন নতুন বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যার ফলে শত শত চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে।
শুক্রবার ঢাকা রিপোর্টার ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মলন করে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন।
সেখানে লিখিতি বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মিয়া মাসুদ বলেন, ২০১২ সালে গ্রাহক সেবাকেন্দ্র জিপিএসডির প্রায় ৫০০ কর্মীকে ছাঁটাই করার মাধ্যমে গ্রামীণফোন চাকুরিচ্যুত করার অভিযান শুরু হয়। এ পর্যন্ত প্রায় ৫ হাজারকর্মী গ্রামীণফোন থেকে বিদায় নিয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৫ সালে গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টকে আউটসোর্স করার পর সেখানকার অস্থায়ী কর্মীদের চাকরি নবায়ন করা হয়নি। আর প্রায় দুই শতাধিক কর্মী স্বেচ্ছায় অবসর গ্রহণের প্যাকেজ গ্রহণ করেন।
মিয়া মাসুদ বলেন, ২০১৮ সালে টেকনোলজি ও কমার্শিয়াল ডিভিশন বাদে অন্যান্য ডিভিশনের কর্মী কমানোর জন্য টেলিনর থেকে প্রজেক্ট ব্রিজ নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়, যা ২০১৯ সাল পর্যন্ত চলবে। এ প্রক্রিয়ার মাধ্যমে আরও অনেককে স্বেচ্ছায় অবসর দেওয়া হয়েছে এবং হবে।
তিনি বলেন, প্রজেক্ট ব্রিজচলাকালীন সময়ে টেকনোলজি বিভাগে সিডিসি নামক প্রজেক্ট ঘোষণা করা হয়, যা টেলিনরের মালয়েশিয়া ও পাকিস্তান সিডিসি বাস্তবায়ন করা হয়েছে।
এ প্রজেক্টের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, নেটওয়ার্কের উন্নয়নের জন্য এটি প্রয়োজন রয়েছে, যে সক্ষমতা গ্রামীণফোনের নেই।
মিয়া মাসুদ বলেন, “মালয়েশিয়া ও পাকিস্তানের অভিজ্ঞতা থেকে আমরা আশঙ্কা করছি, এই প্রজেক্ট বাস্তবায়ন হলে গ্রামীণফোনের টেকনোলজি বিভাগের হাতেগোনা কয়েকজন বাদে প্রায় সকল কর্মী চাকরি হারাবেন।
“তাই আমরা এ সকল প্রজেক্ট অনতিবিলম্বে বন্ধে ঘোষণার পাশাপাশি সকল কর্মীর ন্যূনতম বেতন শ্রমবাজারের গড় বেতনের সমান করার দাবি জানাচ্ছি।”
পজিটিভ আউট লেয়ার প্রথা তুলে দেওয়ারও দাবি জানান তিনি।
সংবাদ সম্মলনে সংগঠনের সভাপতি ফজলুল হক, প্রচার সম্পাদক রফিকুল কবির সৈকতসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসব বিষয়ে জানতে যোগাযোগ করা হলে এক ই-মেইল বার্তায় গ্রামীণফোন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, ক্রমবর্ধমান জটিল ব্যবসায়িক পরিস্থিতিতে গ্রামীণফোনের কার্যক্রমকে আরো নিখুঁত করার পাশাপাশি নতুন নতুন প্রযুক্তির পূর্ণ সুবিধা নিতে নতুন নতুন অপারেটিং মডেল অন্তর্ভুক্ত করার প্রয়োজন দেখা দেয়।
“ভবিষ্যতে ব্যবসায়িক সুযোগের জন্য কোম্পানির প্রয়োজনের ওপর ভিত্তি করে চাকরি পুনরায় সংজ্ঞায়িত করা হচ্ছে। ডিজিটালভাবে রূপান্তরিত শিল্প ও কর্মক্ষেত্রের জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া ও দক্ষ করা হচ্ছে। নতুন চাকরির সুযোগ সৃষ্টি করা হচ্ছে। গ্রামীণফোনের ক্রমবর্ধমান ডিজিটাল ইকো সিস্টেমে শত শত চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে, এর মধ্যে কয়েকটি হচ্ছে টনিক, সোপারু, জিপিপে, বিটুবি, এবং জিপি অ্যাক্সিলারেটর।”
