২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিজমায়েস্ত্রোস’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিইউপি দল

ইউনিলিভারের ফ্ল্যাগশিপ বিজনেস প্রতিযোগিতা ‘বিজমায়েস্ত্রোস’ এর এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2018, 10:36 AM

Updated : 19 Aug 2022, 02:50 PM

বৃহস্পতিবার ঢাকার হোটেল র‌্যাডিসনে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে বিজয়ী দলগুলোর নাম ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ (এফবিএস) এবং দ্বিতীয় রানার আপ হয় একই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)।

আয়োজকরা জানান, বাস্তব ও উদ্ভাবনী শিক্ষাকে উৎসাহিত করতে এ বছর বিজমায়েস্ত্রোসের নবম আসরের আয়োজন করা হয়।

গত ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ৮৩টি দলের মধ্যে থেকে তিন ধাপের লড়াইয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঁচটি দল। তাদের নিয়েই ১ নভেম্বর হোটেল র‌্যাডিসনে হয় গ্র্যান্ড ফিনালে।

ইউনিলিভার বাংলাদেশের মানবসম্পদ পরিচালক কুনাল শর্মার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপর তিনটি রাউন্ডে প্রতিযোগিতা চলে। সব শেষে চূড়ান্ত পর্বের পাঁচ দলকে ১৫ মিনিটে একটি নতুন ব্যবসায়িক মডেল উদ্ভাবন করতে বলা হয়।

প্রতিযোগিতার গালা রাউন্ডে বিচারকদের প্যানেলে ছিলেন ইউনিলিভার বাংলাদেশের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক কেদার লেলে, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো, ব্র্যাকের কমিউনিকেশন অ্যান্ড এমপাওয়ারমেন্ট এবং ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি বিভাগের সিনিয়র ডিরেক্টর আসিফ সালেহ, ড্রিংকওয়েলের সিইও মিনহাজ চৌধুরী, ঢাকা ওয়াসার ব্যবস্থানা পরিচালক ও সিইও প্রকৌশলী তাকসেম এ খান।

কেদার লেলে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকদের ধন্যবাদ জানান। পরে বিজয়ীদের নাম ঘোষণা করে তিনি বলেন, “তরুণদের মেধা দেখে বলা যায়, বাংলাদেশে টেকসই উন্নয়ন ও উদ্ভাবনী ধারণা অন্যদের চেয়ে বেশি দূরে নেই।”

বাংলাদেশে বিজমায়েস্ত্রোসের চ্যাম্পিয়ন দল আগামী বছর লন্ডনে অনুষ্ঠেয় ইউনিলিভার ফিউচার লিডার্স লিগে (এফএলএল) অংশ নেবে। তার আগে ইউনিলিভারের ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পাবে তারা।