২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিঋণে বেসরকারি ব্যাংকের নজর কম, বিআইবিএমের গবেষণা

সরকারি ব্যাংকগুলোর প্রায় আট শতাংশ ঋণ কৃষিতে থাকলেও এখাতে বেসরকারি ব্যাংকের ঋণ দুই শতাংশেরও কম বলে উঠে এসেছে বাংলাদেশ ইনিস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণা প্রতিবেদনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2018, 07:01 PM

Updated : 19 Aug 2022, 02:48 PM

সোমবার রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে ‘অ্যাড্রেসিং এগ্রিকালচার থ্রো ভ্যালু চেইন ফাইন্যান্সিং- হাউ টু অ্যাট্রাক্ট ব্যাংকস’ শীর্ষক কর্মশালায় গবেষণা প্রতিবেদনের তথ্য দিয়ে বলা হয়, কৃষিতে তুলনামূলক খেলাপি ঋণ অনেক কম হলে বৈচিত্র্য নেই কৃষি খাতের ব্যাংক ঋণে।

২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত কৃষিঋণ বিশ্লেষণ করে গবেষণায় বলা হয়েছে, শস্য উৎপাদনে মোট কৃষিঋণের ৫৯ শতাংশ দেওয়া হচ্ছে। আর প্রাণিসম্পদ এবং পোল্ট্রিতে ১০ শতাংশ, মৎস্যে নয় শতাংশ, দারিদ্র্য বিমোচনে ছয় শতাংশ ঋণ দেওয়া হয়েছে।

এছাড়া যন্ত্রপাতি ক্রয়ে দেওয়া হয়েছে এক শতাংশ ঋণ। আর শস্য গুদামজাতকরণে এ হার শূন্যের কোটায়। কৃষি খাতে এমন বৈচিত্র্যহীন ঋণ বিতরণের কারণে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে না।

উচ্চ প্রবৃদ্ধি অর্জনে কৃষিতে ভ্যালু চেইন ফাইন্যান্সের ওপর গুরুত্ব দিতে বলা হয়েছে বিআইবিএমের প্রতিবেদনে।

বিভিন্ন ধরনের ২৪টি ব্যাংকের তথ্য সংগ্রহ করে এ প্রতিবেদন করেছে বিআইবিএম।

গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন বিআইবিএমের অধ্যাপক এবং পরিচালক (ডিএসবিএম) মো. মহিউদ্দিন সিদ্দিকী। গবেষণা দলে ছিলেন বিআইবিএমের অনুষদ সদস্য শেখ নাজিবুল ইসলাম, সহকারী অধ্যাপক তানভীর মেহদী, রেক্সোনা ইয়াসমিন এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ইসমত কোয়ায়িশ।

কর্মশালায় বিআইবিএমের অধ্যাপক ড. বরকত-এ-খোদা বলেন, দেশের অন্যতম প্রধান চালিকা শক্তি কৃষি। এ চালিকা শক্তিকে সক্রিয় ও সচল রাখতে হলে ব্যাংকের অর্থায়ন জোরদার করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্টদের ঋণ দিতে হবে। 

বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, কৃষি খাতের চাহিদার মাত্র ৩০ শতাংশ ব্যাংকিং খাতের মাধ্যমে পূরণ হচ্ছে। বাকী সামান্য কিছু বেসরকারি সংস্থার মাধ্যমে পূরণ হচ্ছে, কিন্তু একটি বড় অংশের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। কৃষিঋণ বিতরণ হচ্ছে ৯ শতাংশ সুদে, কিন্তু ঋণ পরিচালন ব্যয় ১০ শতাংশের বেশি। এজন্য বছর শেষে মূলধন ঘাটতি দেখা দিচ্ছে, যা সরকার পূরণ করছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী।  উপস্থিত ছিলেন বিআইবিএম এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান, বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ, বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী, ইয়াছিন আলি প্রমুখ।