২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় তিন দিনের খাদ্যপণ্য প্রদর্শনী শুরু

কৃষিপণ্য, প্রযুক্তি আর খাদ্য প্রক্রিয়াজাতকরণের সরঞ্জাম নিয়ে ষষ্ঠ বারের মতো ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রদর্শনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2018, 10:14 AM

Updated : 19 Aug 2022, 02:47 PM

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাংলাদেশ এগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন, বাপা এবং এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সল্যুশন প্রতিবারের মতো এবারও এই মেলার আয়োজন করেছে। দেশি-বিদেশি ১৮৮টি প্রতিষ্ঠান তাদের পণ্য নিয়ে এবারের মেলায় অংশ নিচ্ছে।

মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে বলে আয়োজকরা জানান।

একই স্থানে পঞ্চম রাইস অ্যান্ড গ্রেইনটেক এক্সপো এবং অষ্টম এগ্রো বাংলাদেশ এক্সপো নামে পৃথক দুটি মেলা অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, চলতি বছরের প্রথম তিন মাসে আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৯৭ শতাংশ। ভবিষ্যতে বাংলাদেশ বৈদেশিক বাণিজ্যে আরও ভালো করবে।

দেশের সক্ষমতার কথা তুলে ধরে তিনি বলেন, ছোট্ট এই দেশটি মাছ উৎপাদনে বিশ্বে ৪র্থ স্থানে, সবজি উৎপাদনে ৩য়, আলু উৎপাদনে ৭ম আর আম উৎপাদনে ৮ম স্থানে রয়েছে। আগামী দুই বছরে কৃষিপণ্য রপ্তানির মাধ্যমে অন্তত ২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব।

ভারত-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ নিজেদের সুবিধা মতো ভারত থেকে কাঁচামাল আমদানি করছে। আবার ভারতে সুবিধা মতো পণ্য রপ্তানির সুযোগ পাচ্ছে। তামাক পণ্য ছাড়া বাকি সব পণ্যই ডিউটি ফ্রি ও কোটা ফ্রি সুবিধা পাচ্ছে বাংলাদেশ।

ঢাকায় ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাতে দুই দেশ বাণিজ্য সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা বাড়াতে পারে। বিএসটিআইয়ের সনদ নেওয়া ২১ পণ্য ভারতের বাজারে প্রবেশাধিকার পাচ্ছে। বাংলাদেশের অনেক কোম্পানি সাফল্যের সঙ্গে ভারতে ব্যবসা করছে।
বিএসটিআই এর মহাপরিচালক সরদার আবুল কালাম বলেন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়ার মতো দেশের বাজারে প্রতিযোগিতা সক্ষমতা অর্জন করাই বাংলাদেশের লক্ষ্য। তাই সেজন্য পণ্যের মান বজায় রাখার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

বাপা সভাপতি এএফএম ফখরুল ইসলাম মুন্সী বলেন, বাপা এর যাত্রা শুরু হয় ১৯৯৮ সালে ১৩ জন সদস্য নিয়ে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোট সদস্য সংখ্যা ৪৭৯ জন, যারা বিশ্বের ১৪৪টি দেশে খাদ্য রপ্তানির সঙ্গে যুক্ত। বিগত অর্থবছরে খাদ্য রপ্তানি থেকে ৫০০ মিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশের উদ্যোক্তারা।

উদ্বোধনী পর্বে মেলার আয়োজক কমিটির সভাপতি ও প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ঢাকায় কানাডার রাষ্ট্রদূত বিনোয়া প্রিফেঁতে বক্তব্য রাখেন।