রানার অটোমোবাইলস ও পাঠাওয়ের মধ্যে চুক্তি
রাইডারদের কাছে সহজ শর্তে বাইক হস্তান্তর করতে রানার অটোমোবাইলসের সঙ্গে চুক্তি করেছে রাইড শেয়ারিং কোম্পানি পাঠাও।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওতে রানার গ্রুপের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি হয়।
রানারের হেড অব করপোরেট বিজনেস আশিক আহমেদ জানান, চুক্তির আওতায় মাত্র ২০ শতাংশ ডাউন পেইমেন্টের মাধ্যমে বাইক কিনতে পারবেন পাঠাও রাইডাররা। বাকি টাকা ১২ মাস কিংবা মাসের কিস্তিতে পরিশোধ করা যাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, পরিচালক আমিদ সাকিফ খান, রানার অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক মুকেশ শর্মা এবং পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হুসেইন এম ইলিয়াস উপস্থিত ছিলেন।
২০০০ সালে মোটরসাইকেল আমদানি করে বাজারজাত শুরু করে রানার। ২০০৭ সালে ময়মনসিংহের ভালুকায় রানার বাংলাদেশে প্রথম মোটরসাইকেলের কম্পোনেন্টস্ তৈরির মাধ্যমে স্থানীয়ভাবে মোটর সাইকেল উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি।
