খুলনায় ইয়ামাহার রাইডিং ফিয়েস্তা
বাইকপ্রেমীদের জন্য মোটর সাইকেল রাইড ফিয়েস্তার আয়োজন নিয়ে খুলনা যাচ্ছে ইয়ামাহা।
বাংলাদেশে ইয়ামাহা মোটর সাইকেল এবং এর খুচরা যন্ত্রাংশের পরিবেশক এসিআই মটরস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২৬ ও ২৭ অক্টোবর খুলনার খালিশপুরে প্রভাতী স্কুল মাঠ, মুহসিন কলেজ লেনে অনুষ্ঠিত হবে ‘ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা’।
দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের পুরোটা জুড়েই বাইকার ও বাইক লাভারদের জন্য থাকছে নানা আয়োজন। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই আয়োজন।
দুপুর আড়াইটা থেকে অনুষ্ঠানের ফটক বাইকারদের জন্য উন্মুক্ত করা হবে। বাইকপ্রেমীদের জন্য নানা আয়োজনের মাঝে থাকবে টেস্ট রাইড, জিমখানা সেফটি রাইডিং ইত্যাদি।
খুলনার রিনস কনসোরটিয়া, যশোরের এম/এস খান অটো ও সাতক্ষীরার প্রেস্টিজ অটোতে টেস্ট রাইড এবং জিমখানা রাইডিংয়ের রেজিস্ট্রেশন করা যাবে বলে জানিয়েছে এসিআই।
জিমখানা রাইডিংয়ের জন্য প্রতিযোগীকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে হবে এবং এর জন্য প্রয়োজনীয় রাইডিং দক্ষতা টেস্ট রাইডের মাধ্যমে যাচাই করা নেওয়া হবে।
এছাড়াও সন্ধ্যায় তারকাদের অংশগ্রহণে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
