২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: বিজিএমইএ

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নামের একটি সংগঠন নতুন কাঠামোতে শ্রমিকদের মূল মজুরি বাড়েনি বলে যে দাবি করেছে তাকে ‘অসত্য প্রচার’ বলেছেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2018, 10:04 PM

Updated : 19 Aug 2022, 02:44 PM

সোমবার বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কিছু শ্রমিক নেতা, এনজিও ও দুষ্কৃতিকারী বিভ্রান্তিকর তথ্য দিয়ে প্রগাগান্ডা ছড়াচ্ছে। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নামের একটি সংগঠন বিভিন্ন ভুল তথ্য সম্বলিত প্রচারপত্র বিলি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।”

বেতন কাঠামোর সপ্তম গ্রেডে এই খাতের মাত্র তিন থেকে পাঁচ শতাংশ শ্রমিক নিয়োজিত রয়েছে বলেও শ্রমিক সংগঠনটি অপপ্রচার চালাচ্ছে, অভিযোগ সিদ্দিকুরের।

তবে শ্রমিক সংগঠনটির সভাপতি আমিরুল হক আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা যে প্রচারপত্র বিতরণের অভিযোগ এনেছে তা একেবারেই মিথ্যা। গত মে মাসের পরে আমরা কোনো প্রচারপত্র বিলি করিনি। কিছুদিন আগে সংবাদ সম্মেলন করে নতুন মজুরি কাঠামো নিয়ে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে সেখানে কোনো বিভ্রান্তি বা অসত্য তথ্য নেই।”

বিজিএমইএ সভাপতির অভিযোগ নিয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তা নেই বলেও জানান তিনি।

“আমরা তাদের অপপ্রচারের জবাব আপনাদের কাছে তুলে ধরলাম। কিন্তু এ নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার ইচ্ছা নেই।”

পোশাকখাতের ন্যূনতম মজুরি ৫৩০০ টাকা থেকে বাড়িয়ে আট হাজার টাকা করে গত সেপ্টেম্বরে নতুন মজুরি কাঠামো ঘোষণা করে সরকার। এতে ৪০ লাখ শ্রমিক অধ্যুষিত এই খাতে মজুরি বেড়েছে ৫১ শতাংশ।

নতুন মজুরি কাঠামোতে বেসিক চার হাজার ১০০ টাকা; বাড়ি ভাড়া ২০৫০ টাকা; চিকিৎসা ভাতা ৬০০ টাকা; যাতায়াত ভাতা ৩৫০ টাকা; খাদ্য ভাতা ৯০০ টাকা ধরা হয়েছে।

এর আগে ২০১৩ সালে এই খাতে বেতন বাড়ানো হয়েছিল।

শ্রমিক নেতা আমিরুল বলেন, “১৯৯৪ সালে মূল মজুরি ৬০, ২০০৬ সালে ৬৫, ২০১০ সালে ৬৬ এবং ২০১৩ সালে ৫৭ শতাংশ বাড়ানো হয়েছিল। কিন্তু ২০১৮ সালে এসে তা কমিয়ে করা হলো মাত্র ৫১ শতাংশ। এতে শ্রমিকদেরকে বঞ্চিত করা হয়েছে।”

তার দাবির পক্ষে যুক্তি হিসেবে তিনি বলেন, “শ্রমিকের ওভারটাইমের মজুরি, ঈদ বোনাসসহ অন্যান্য ভাতা মূল মজুরি থেকেই নির্ধারণ করা হয়। এর হার কমার কারণে এমনিতেই এসব কমে যাবে। অধিকাংশ শ্রমিকের মজুরি কম হওয়ায় তারা ওভারটাইম করে থাকে।”

সপ্তম গ্রেড সম্পর্কে আমিরুল বলেন, “যারা কারখানায় হেলপার হিসেবে থাকে তাদেরকে ধরা হয় সপ্তম গ্রেডে। তাদের সংখ্যা তিন থেকে পাঁচ শতাংশের বেশি হবে না।”

তবে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান গবেষণা সংস্থা সিপিডির বরাত দিয়ে সংবাদ সম্মেলনে বলেন, “সপ্তম গ্রেডে শ্রমিকের সংখ্যা কমপক্ষে ২০ শতাংশ। তারা এই খাতের সঙ্গে জড়িত নয় বলেই তথ্যটি তাদের জানা নেই।”

সিদ্দিকুর রহমান বলেন, “কারখানা সংস্কার, মজুরি বৃদ্ধিসহ নানা কারণে ২০১৪-১৮ সাল চার বছরে প্রায় ১২০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। আমাদের আশঙ্কা ভবিষ্যতে আরও অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে।”

তাই নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন বিশাল চ্যালেঞ্জ বলে জানান পোশাক কারখানা মালিকদের এ নেতা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি মাহমুদ হাসান খান ও মঈনুদ্দিন আহমেদ।