২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা বাংলাবিদ চট্টগ্রামের দেবাস্মিতা

বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে সাধারণ জ্ঞানভিত্তিক রিয়েলিটি শোতে অংশ নিয়ে দেশসেরা বাংলাবিদ হয়েছেন চট্টগ্রামের দেবাস্মিতা সাহা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2018, 12:34 AM

Updated : 11 Oct 2022, 12:40 PM

শুক্রবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতার ফাইনালে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষার্থী ১০ লাখ টাকার মেধাবৃত্তি জিতে নিয়েছে।

তার সঙ্গে বাংলাবিদ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়ে ঢাকার ওয়াইডব্লিউসি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের কারিন আশরাফ ঈন জিতে নিয়েছে তিন লাখ টাকার মেধাবৃত্তি।

আর দ্বিতীয় রানার আপ হয়ে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আফরোজ অন্তু দুই লাখ টাকার মেধাবৃত্তি জিতে পেয়েছে।

সম্মাননা ক্রেস্টের পাশাপাশি তাদেরকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয় অনুষ্ঠানে।

এছাড়া প্রথম ১০ প্রতিযোগীর প্রত্যেকে পেয়েছে একটি ল্যাপটপসহ ব্যক্তিগত লাইব্রেরি করার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।

'বাংলায় জাগো ভরপুর‌' স্লোগান নিয়ে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় চ্যানেল আই বাংলা ভাষা নিয়ে দ্বিতীয়বারের মতো মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শোর আয়োজন করে।

এ বছর সারাদেশের স্কুল পর্যায়ের ৫৩ হাজার শিক্ষার্থী বাংলাবিদ প্রতিযোগিতায় অংশ নিয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। তাদের মধ্য থেকে সেরা ছয় জনকে নিয়ে ছিল চূড়ান্ত পর্বের মহোৎসব। 

বাংলা ভাষা ও দেশাত্ববোধক সঙ্গীতে সাজানো দলীয় নৃত্যে শুরু হয় চূড়ান্ত পর্বের আয়োজন।  এরপর বক্তব্য দেন প্রতিযোগিতার তিন বিচারক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর, কথা সাহিত্যিক আনিসুল হক এবং মিডিয়া ব্যক্তিত্ব ত্রপা মজুমদার বক্তব্য দেন।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, অনেক রিয়েলিটি শোতে প্রতিযোগী লাখ ছাড়ালেও আমরা বিস্মিত হই না।  কিন্তু বাংলাবিদ আয়োজনে ৫৩ হাজার প্রতিযোগী অংশ নেওয়াতে আমরা অভিভূত হয়েছি।  তারা বাংলাকে ভালোবাসছে, বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে।"

ইস্পাহানি মির্জাপুর চা লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান বলেন, “বাংলা ভাষা ও সাহিত্যের জন্য আমাদের এই আন্দোলনটা চলবে। আমরা আয়োজন করে দেখেছি, বাংলার জন্য ভালোবাসা পুরো দেশের প্রতিটি কোণে ছড়িয়ে আছে।”

আয়োজনের সঞ্চালক খায়রুল বাশারের উপস্থাপনায় ছয় জন প্রতিযোগী তাদের জন্য ‌'আমার পছন্দ', 'পাঁচমিশালী' ও ‌'হিজিবিজি' নামক অংশে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এরপর বরেণ্য শিল্পী রুনা লায়লা পরিবেশন করেন 'প্রতিদিন তোমায় দেখি সূর্যর আগে' গান; সঙ্গে ছিল দলীয় নৃত্য।

পরবর্তীতে বাচিক শিল্পী মাহিদুল ইসলামের সঙ্গে আবৃত্তিতে অংশ নেয় এবারের প্রতিযোগিতা সেরা ১০ জন।

প্রতিযোগিতার ‌'গানের খেলা' আর 'প্রশ্ন ঝড়' পর্বে গান থেকে প্রশ্ন আর ঝটপট উত্তরের পর আসে বিজয়ী প্রথম তিনজনের নাম।

তিন বিচারকের সঙ্গে বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন এম এম ইস্পাহানি লিমিটেডের পরিচালক জাহিদা ইস্পাহানি, মির্জা আহমেদ ইস্পাহানি ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক সাগর।