২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মটোরোলার ৩টি হ্যান্ডসেট আনল রবি

লেনোভোর মালিকানাধীন মটোরোলার ই-সিরিজের তিনটি হ্যান্ডসেট বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে মোবাইল ফোন অপারেটর রবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2018, 06:39 PM

Updated : 11 Oct 2022, 12:38 PM

পুরনো খবর:

রবিশপে মটোরোলার নতুন হ্যান্ডসেটের প্রি-অর্ডার

মটো ই-ফোর প্লাস, মটো ই-ফাইভ এবং মটো ই-ফাইভ প্লাস মডেলের হ্যান্ডসেটগুলো রবির ই-কমার্স সাইট রবিশপে পাওয়া যাবে।

রোববার ঢাকার সোনারগাঁও হোটেলে এই হ্যান্ডসেটগুলোর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “বেশ সুলভ মূল্যে মোবাইল ফোন দিচ্ছে মটোরোলা। তবে পরিবেশকদের বলতে চাই, কীভাবে হ্যান্ডসেট ম্যানুফেকচারিং-এ যাওয়া যায় সেদিকটি লক্ষ্য রাখতে।”

রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “মটোরোলার হ্যান্ডসেটগুলো কমদামী হলেও এগুলো ফোরজি ইন্টারনেট ব্যবহারের উপযুক্ত।”

অনুষ্ঠানে জানানো হয়, রবির সহায়তায় মটোরোলার পরিবেশক হিসেবে ব্র্যান্ডটিকে বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেড।

পরিবেশকদের পক্ষ থেকে জানানো হয়, ই-সিরিজের তিনটি হ্যান্ডসেটেই রয়েছে চার থেকে পাঁচ হাজার এমএএইচের ব্যাটারি এবং তিন জিবি র‍্যাম। 

পেছনে রয়েছে ১২-১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং পাঁচ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা ও মেটাল বডি।

মটো ই-ফোর প্লাস ১১ হাজার ৯৯০ টাকা, মটো ই-ফাইভ ১৪ হাজার ৯৯০ টাকা এবং মটো ই-ফাইভ প্লাসের দাম ১৯ হাজার ৯৯০ টাকায় সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা।

রবি থেকে জানানো হয়, সবগুলো হ্যান্ডসেটের সঙ্গে উপহার হিসেবে থাকছে মটোরোলা ব্যাগ, ক্যাপ, টি-শার্ট, ব্লুটুথ স্পিকার ছাড়াও ১৫ মাসের ওয়ারেন্টি, ছয় মাসের  শূন্য শতাংশ ইএমআই সুবিধা এবং ৩০ দিন মেয়াদি চার জিবি ফ্রি ডেটা (দুই জিবি রেগুলার এবং দুই জিবি ৪.৫জি)।

এছাড়া এই হ্যান্ডসেটগুলোর যে কোনো একটি কেনার নয় মাসের মধ্যে একশ টাকার বেশি ডেটা প্যাক কিনলে একশ শতাংশ বোনাস ডেটা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম, বিআরটিসির মহাপরিচালক (স্পেকট্রাম) মো. নাসিম আহমেদ।