টেলিনর ইয়ুথ ফোরামের বিজয়ী যাচ্ছেন অসলো
টেলিনর ইয়ুথ ফোরাম ২০১৮- এর গ্র্যান্ড ফিনালেতে ৮ ফাইনালিস্টের মধ্যে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ'র শিক্ষার্থী সায়মা মেহেদী খান ও সামিন আলম বিজয়ী হয়েছেন।
রোববার রাজধানীর বসুন্ধরায় জিপি হাউজে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
টিওয়াইএফ ২০১৮-এর বিজয়ীরা আগামী ডিসেম্বরে টেলিনরের কার্যক্রম রয়েছে এমন সাতটি দেশের প্রতিনিধিদের সঙ্গে যোগ দিতে নরওয়ের রাজধানী অসলোতে যাবেন।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “আমাদের তরুণরা নতুন নতুন প্রযুক্তি নিয়ে সামাজিক সমস্যা সমাধানে কাজ করছে দেখে খুবই আনন্দ বোধ করছি। তারা বিশ্বের যে কোন মঞ্চে নিজেদের প্রমাণ করার যোগ্যতা রাখে। তাদের এমন একটি বৈশ্বিক মঞ্চে যাবার সুযোগ করে দেয়ার জন্য আমি গ্রামীণফোন ও টেলিনর গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি।”
গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি বলেন, “টিওয়াইএফ’র শুরু থেকেই এটা আমার জন্য বছরের সবচেয়ে রোমাঞ্চকর দিনগুলোর একটি। গত কয়েক বছরে এটি দেশের ভবিষ্যত নেতৃবৃন্দের জন্য বিশ্ব পরিবর্তনকারী ধারণা নিয়ে কাজ করার জন্য একটি সম্মানজনক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠেছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রুপ পেটারসেন, পাকিস্তানের হাই কমিশনার রাফিউজ্জামান সিদ্দিকী এবং বিউপি’র উপাচার্য মেজর জেনারেল মো. এমদাদ-উল-বারী ।
এ বছরের জুলাইয়ে গ্রামীণফোণ একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে টিওয়াইএফ ২০১৮- এর উদ্বোধন করে। প্রতিষ্ঠানটি শিক্ষার্থী ও আগ্রহী অংশগ্রহণকারীদের টেলিনরের ওয়েবপেজ এবং গ্রামীণফোনের ওয়েবপেজ ও অফিসিয়াল ফেইসবুক পেজের মাধ্যমে তাদের ধারণা উপস্থাপনের আহ্বান জানায়।
২০১৩ সালে টিওয়াইএফ যাত্রা শুরুর পর তরুণ নেতৃত্ব, উদ্ভাবন ও সামাজিক উদ্যোগ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে।
এবারের টিওয়াইএফ’র প্রতিপাদ্য হচ্ছে ‘ব্রাইট মাইন্ডস রিডিউসিং ইনকুয়ালিটিস’। বাংলাদেশে টেলিনর ইয়ুথ ফোরামের ষষ্ঠ পর্বের নির্বাচনী পর্যায়ের আয়োজন করে গ্রামীণফোন।
১৪শ’ আবেদনের মধ্য থেকে বাছাই প্রক্রিয়ায় ৬০ জন আবেদনকারীকে ধারণা উপস্থাপনের জন্য মনোনীত করা হয়। মনোনীত ৬০ জন গত ৪ ও ৫ সেপ্টেম্বর জিপি হাউজে নিজেদের ধারণা উপস্থাপন করে। সেখান থেকেই ৭ জনকে টিওয়াইএফ গ্র্যান্ড ফিনালের জন্য নির্বাচন করা হয়।
টিওয়াইএফ বাংলাদেশের ফাইনালিস্টরা হলেন- ব্র্যাক ইউনিভার্সিটির তাসনীম ওমর আভা, সামীন আলম ও সৈয়দ সামীন শাহরিয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র তারেক মুসানা, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিউপি) মো. নাজিব ইনতেসার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র সাবিহা সাজু ইবনে আবেদিন এবং আর্মি আইবিএ’র ইফতেখার মাহমুদ।
এ সাতজনের বাইরেও প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নিজের ধারণা উপস্থাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ'র শিক্ষার্থী সায়মা মেহেদী খান ‘ওয়াইল্ড এন্ট্রি’ হিসেবে মনোনীত হয় ।
নির্বাচিত ফাইনালিস্টের বাইরে ৮ম থেকে ২০ তম জনের তালিকা থেকে ওয়াইল্ড এন্ট্রি হিসেবে একজন মনোনীত হয়।
টিওয়াইএফ- এ প্রতিবছর দু’জন তরুণ বিজয়ী হিসেবে মনোনীত হয় এবং টেলিনর ইয়ুথ ফোরামের বৈশ্বিক অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। এ বছরের বিজয়ী ধারণাগুলো হলো কৃষি নেট এবং প্রোজেক্ট সুরক্ষা ।
