ফের ক্ষমতায় আসতে ব্যবসায়ীদের সমর্থন চাইলেন বাণিজ্যমন্ত্রী
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং ব্যবসা-বিনিয়োগ পরিস্থিতি উন্নত করতে বর্তমান সরকারকে আবারও নির্বাচিত করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার বিকালে রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআই আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন তিনি।
আওয়ামী লীগ সরকারের গত ১০ বছরের শাসনামলে অর্থনীতির বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়নের চিত্র ব্যবসায়ীদের সামনে তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।
‘বাংলাদেশের উন্নয়নশীল দেশে অভিযাত্রা পরবর্তী নীতি কাঠামো: ব্যবসা-বাণিজ্য প্রেক্ষিত’ শীর্ষক অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল জার্মানভিত্তিক ফ্রেডরিখ নুউম্যান ফাউন্ডেশন (এফএনএফ)।
বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, জিডিপি প্রবৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রসঙ্গ তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, উন্নয়ন ত্বরান্বিত করে মধ্যম আয়ের দেশে পরিণত হতে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। সরকারের ধারাবাহিকতা যে কত গুরুত্বপূর্ণ তা গত ১০ বছরের উন্নয়ন কর্মকাণ্ড বিশ্লেষণ করলে স্পষ্ট হয়।
২০০১ সালে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির ফলে কয়েকটি বড় বড় উন্নয়ন প্রকল্প স্থগিত হয়েছিল জানিয়ে তিনি বলেন, “২০০১ এ সরকার পরিবর্তনের পর গ্রামগঞ্জে কমিউনিটি ক্লিনিক বন্ধ হয়ে গেল। ওই বছর পহেলা জুলাই পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল। সেটা বন্ধ হয়ে গেল। এরকম বহু প্রকল্প থেমে গেল।
“আমরা এখন স্যাটেলাইট ক্লাবের সদস্য। আনবিক বিদ্যুৎ কেন্দ্রের সদস্য। পদ্মা ব্রিজ নিজেদের অর্থায়নে হচ্ছে। পায়রা বন্দর, মোংলা বন্দরের সম্প্রসারণ, গভীর সমুদ্র বন্দর, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল, কর্ণফুলী টানেলসহ বড় বড় প্রকল্পগুলো এখন দৃশ্যমান।”
বাণিজ্যমন্ত্রী বলেন, “একটা জায়গায় একটু খারাপ অবস্থায় আছি। সেটা হল ইজ অব ডুয়িং বিজনেস। আমাদেরকে আবার নির্বাচিত করুন, আমরা ক্ষমতায় আসি আবার, দেখবেন ইজি অব ডুয়িং বিজনেস একশর নিচে চলে আসবে।”
সম্প্রতি বিএনপি মহাসচিবের যুক্তরাষ্ট্র সফরে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে দাবি করেন বাণিজ্যমন্ত্রী।
“মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিসংঘে গিয়ে মহাসচিবের সঙ্গে দেখা করবেন বলে গেলেন। দেখা করলেন একজন অ্যাসিস্টেন্ট সেক্রেটারির সাথে। দেখা করছেন গোপনে করতেন, নিউজ দিলেন কিভাবে? এটা তো দেশের অপমান। আবার স্টেট ডিপার্টমেন্টে গেছেন। দেখা করলেন একজন ডেস্ক অফিসারের সাথে।
“আমরা এর থেকে অনেক বড় অফিসারের লগে দেখা করিনা। আই হ্যাভ এন অ্যাপয়েন্টমেন্ট উইথ মিনিস্ট্রি অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অব ভিয়েতনাম। কিন্তু তার প্রাইম মিনিস্টারের সাথে বৈঠক ছিল। আমার অ্যাপয়েন্টমেন্ট আমি ক্যানসেল করেছি। আমাকে অনুরোধ করেছিল তাদের ডেপুটি মিনিস্টারের সাথে বৈঠক করতে। কিন্তু আমি করিনি। দেয়ার ইজ এ লেবেল।”
অনুষ্ঠানের মূল প্রবন্ধে বর্তমান সরকারের অধীনে দেশের সামগ্রিক অর্থনীতির উন্নয়নের চিত্র তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান।
তিনি বলেন, “১৯৭২ সালে যেখানে আমাদের মোট অর্থনীতির আকার ছিল ৮ বিলিয়ন ডলার সেটা এখন ২৮৫ বিলিয়ন ডলারে দাড়িয়েছে। এর সিংহভাগই হয়েছে গত ১০ বছরে। কারণ ২০০৬ সালে ৭১ বিলিয়ন ডলার থেকে তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে বেড়েছিল মাত্র ২০ বিলিয়ন ডলার (৯১ বিলিয়ন ডলার)। বাকি ব্যাপ্তিটা হয়েছে গত ১০ বছরে।”
অর্থনৈতিক প্রবৃ্দ্ধির ক্ষেত্রে বাংলাদেশের জন্য আরও সুযোগ অপেক্ষা করছে জানিয়ে আতিউর বলেন, “এখন নজর দিতে হবে দক্ষিণ এশিয়ার বাজারগুলোর দিকে। ভারত যে পরিমাণ আমদানি করে তার এক শতাংশ ধরতে পারলেও বাংলাদেশের রপ্তানি বাড়বে অতিরিক্ত চার বিলিয়ন ডলার। চীন পোশাক খাতের যে রপ্তানি বাজার ছেড়ে দিচ্ছে তা পুরোপুরি ধরতে না পারলে সেখান থেকে সুফল নিতে পারে বাংলাদেশ।”
আলোচনায় অংশ নিয়ে বিআইডিএসের সিনিয়র রিচার্স ফেলো নাজনীন আহমেদ বলেন, বাংলাদেশ এলডিসি বা নিম্ন আয়ের তালিকা থেমে মধ্যম আয়ের দেশে উন্নীত হলে তা রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বেনা। এটা নিয়ে এখন যে দুশ্চিন্তা হচ্ছে তারও কোনো কারণ নেই।
উন্নয়নমূলক কাজে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে মন্তব্য করেন তিনি বলেন, বেসরকারি খাতের অন্তর্ভূক্তি বাড়ানোর পাশাপাশি নারীদেরকে আরও বেশি যুক্ত করতে হবে। ভবিষ্যতে নারীরা কিভাবে নিজেদেরকে উদ্যোক্তা হিসাবে খুঁজে পেতে পারে তার প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে হবে। আর বিশাল জনগোষ্ঠী শিক্ষিত হলেও তাদের মাঝে দক্ষতার যে অভাব দেখা যাচ্ছে তা দূর করার জন্য সুনির্দিষ্ট প্রদক্ষেপ নিতে হবে।
এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিমের সঞ্চালনায় সংগঠনের সভপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।
