২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক কল্যাণ তহবিলে বিএসআরএমের ২ কোটি টাকা

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) তাদের লভ্যাংশের ২ কোটি ৩ লাখ ৫৫ হাজার ৪৬৮ টাকা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2018, 04:52 PM

Updated : 08 Apr 2022, 07:01 PM

সচিবালয়ে রোববার শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর হাতে লভ্যাংশের এই চেক তুলে দেন বিএসআরএমের মানবসম্পদ বিভাগের প্রধান জামিল আহমেদ।

শ্রম প্রতিমন্ত্রী চুন্নু অনুষ্ঠানে জানান, শ্রমিক কল্যাণ তহবিলে এ পর্যন্ত ৩০৯ কোটি টাকা জমা হয়েছে। এই তহবিল থেকে শ্রমিকদের কল্যাণে ২৪ কোটি টাকা বিতরণ করা হয়েছে।

“কর্মক্ষেত্রে কোনো শ্রমিক মারা গেলে আমরা সর্বোচ্চ দুই লাখ টাকা সহায়তা দিয়ে থাকি। এছাড়া এই তহবিল থেকে কর্মক্ষেত্রে আহত শ্রমিক ও শ্রমিকদের সন্তানদের উচ্চ শিক্ষার জন্যও সহায়তা করা হয়।”

শ্রম আইন অনুযায়ী উৎপাদনশীল প্রতিষ্ঠানের এক বছরের নিট লভ্যাংশের পাঁচ শতাংশের মধ্যে চার শতাংশ অর্থ নিজ কোম্পানির শ্রমিকদের জন্য বরাদ্দ রাখতে হয়।

বাকি এক শতাংশের অর্ধেক প্রতিষ্ঠানের নিজস্ব শ্রমিক কল্যাণ তহবিল এবং বাকি অর্ধেক শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দিতে হয়।

এই তহবিল থেকে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু, স্থায়ীভাবে অক্ষম, দুর্ঘটনায় আহত শ্রমিকের চিকিৎসা, মাতৃত্বকালীন এবং শ্রমিকের সন্তানদের উচ্চ শিক্ষায় অর্থ দেওয়া হয়।

এছাড়া প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের যৌথ বীমার প্রিমিয়ামের অর্থও এই খাত থেকে দেওয়া হচ্ছে বলে শ্রম প্রতিমন্ত্রী জানান।

শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব আশরাফ শামীম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক আনিসুল আওয়ালও চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।