২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেলবিহীন খাবার ঘরে পৌঁছে দেবে ‘অয়েল ফ্রি কিচেন’

ক্ষতিকর তেলযুক্ত খাবারের সংস্কৃতি বদলে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে দেশে প্রথম বিনা তেলে রান্না করা স্বাস্থ্যসম্মত খাবারের হোম সার্ভিস চালু করেছে সাওল হার্ট সেন্টার (বিডি) লিমিটেডের ‘অয়েল ফ্রি কিচেন’। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2018, 09:30 PM

Updated : 19 Aug 2022, 02:35 PM

শনিবার ঢাকা অফিসার্স ক্লাবে দিনব্যাপী উৎসবমূখর অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘অয়েল ফ্রি কিচেন’র উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন।

এছাড়াও দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা উদ্বোধনী অনুষ্ঠান এবং মধ্যাহ্নভোজে অংশ নেন। মধ্যাহ্নভোজে ‘অয়েল ফ্রি কিচেন’র তেলমুক্ত ১২টি পদের খাবার পরিবেশন করা হয়।

সাওল হার্ট সেন্টার (বিডি) লিমিটেডের ‘অয়েল ফ্রি কিচেন’র প্রতিষ্ঠাতা কবি মোহন রায়হান অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বলেন, “বাংলাদেশের স্বাস্থ্য সচেতন মানুষের জন্য এবং হার্ট, লিভার, কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অতি ওজন, গ্যাস্ট্রিক, ক্যান্সার, থাইরয়েড, হেপাটাইটিস, বাত, ডেঙ্গু, টিবি আক্রান্ত রোগী, বিশেষ করে তেল-চর্বিযুক্ত খাবার যাদের জন্য ঝুঁকিপূর্ণ তাদের জন্যে আমাদের এই বিনা তেলে রান্না করা খাবারের হোম সার্ভিস সেবা।

“এমনকি এই কিচেন নিরামিষভোজী, গর্ভবতী মা ও রোগীর ডায়েটচার্ট অনুযায়ী খাবারও সরবরাহ করবে। তবে রাজধানীর ইস্কাটন রোডে ‘অয়েল ফ্রি কিচেন’র কার্যালয়  থেকে আপাতত ১৫ কিলোমিটারের মধ্যে হোম সার্ভিস দেওয়া হবে।”

উদ্বোধনী বক্তব্যে কথা সাহিত্যিক সেলিনা হোসেন বলেন, “বাঙালির প্রচলিত খাদ্যাভ্যাসের বিপরীতে অয়েল ফ্রি কিচেনের মধ্য দিয় কবি মোহন রায়হান যে কাজটি শুরু করতে যাচ্ছেন, তা একটি চ্যালেঞ্জ। আমরা যারা আজ এই অনুষ্ঠানে আছি, তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করে মানুষকে খাদ্য সচেতন করব, মানুষ-সমাজের সুরক্ষা করব। আমরা তার সঙ্গী হয়ে থাকব।”

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “অয়েল ফ্রি কিচেনের সেলস সেন্টার, হোম সার্ভিস খোলা হয়েছে। যদি আপনাদের ব্যবসার কোনো ক্ষতি না হয়, তবে এই রন্ধন প্রণালী শেখানোর জন্য এই প্রতিষ্ঠানের উদ্যোগে একটি স্কুল খোলার সুপারিশ করছি। তাহলে ঘরে ঘরে এই রন্ধন প্রণালী ছড়িয়ে দেওয়া যাবে।”

শিক্ষক, গবেষক সলিমুল্লাহ খান বলেন, “মোহন রায়হান বিশেষ ধরনের কবি। তার কবিতা আমি আগে পড়েছি, তার সবচেয়ে ভাল কবিতা হচ্ছে এই খাদ্য আন্দোলন।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক এম আকতারুজ্জামান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রুবায়েত ফেরদৌস, অতিরিক্ত সচিব মঞ্জুর রহমান, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, ডাকসুর সাবেক ভিপি ও সংসদ সদস্য আখতারুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল হক খান, দৈনিক আমাদের নতুন সময়ের সম্পাদক নাইমুল ইসলাম খান, চিত্র তারকা অনন্ত জলিল প্রমুখ।

এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, রাজনীতিবিদ, সংস্কৃতিজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএস বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ মেজর জেনারেল (অব.) বিজয় কুমার সরকার।

অতিথিদের অনেককেই উদ্বোধনী অনুষ্ঠান থেকেই খাবারের অর্ডার দিতে দেখা গেছে। চিত্রতারকা অনন্ত জলিল ছেলের আসন্ন জন্মদিনের অনুষ্ঠানে চার শতাধিক অতিথির জন্য খাবার তাৎক্ষণিক বুকিং দেন।

এছাড়াও সাবেক সচিব ও রোটারি ক্লাব অব শ্যামলীর সাবেক সভাপতি মো. নুরুজ্জামান জানান, দুই সপ্তাহ আগে তিনি তার একমাত্র ছেলের বিয়েতে ‘অয়েল ফ্রি কিচেন’র খাবার পরিবেশনের জন্য বুকিং দিয়েছেন।

অনুষ্ঠানে মুজিব পরদেশী ও শামা রহমান গান করেন। আবৃত্তি করেন শিমুল মোস্তফা ও রূপা চক্রবর্তী।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে (www.oilfreekitchen.com.bd) গিয়ে অথবা টেলিফোনে (+8801777780858, 01777780859, 01777780860) পছন্দের খাবারের অর্ডার দিতে ২৪ ঘণ্টা যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে।