সাংগঠনিক সক্ষমতা বাড়াচ্ছে এফবিসিসিআই
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নিজেদের সক্ষমতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম আরও বহুমুখী ও শক্তিশালী করতে সদস্যদের সম্পৃক্ত করে কাজ শুরু করেছে।
শনিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের শিল্প ও বাণিজ্য সম্পর্কিত নানা বিষয় এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করতে এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি ও জেলা চেম্বারগুলোর সংগঠন ‘কাউন্সিল অব চেম্বার প্রেসিডেন্টস’ এর সভাপতি শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে কয়েকজন পরিচালক রংপুর এবং রাজশাহী বিভাগের ১৭টি জেলা চেম্বার, জেলার ট্রেড অ্যাসোসিয়েশনগুলোতে যান।
এফবিসিসিআই জানিয়েছে, সদস্য সংগঠনগুলোকে নিয়ে তিনটি প্রকল্প বাস্তবায়নে জোর দিচ্ছে সংগঠনটি।
এফবিসিসিআই চাহিদামাফিক দক্ষ এবং যোগ্যতাসম্পন্ন ‘ব্যবসা-নির্বাহী’ তৈরির লক্ষ্যে ‘এফবিসিসিআই ইন্সটিটিউট’ প্রতিষ্ঠার কাজ অনেকটা এগিয়ে নিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ধরনের বাণিজ্য বিরোধ সমাধানের লক্ষ্যে সম্প্রতি ‘এফবিসিসিআই আরবিট্রেশন সেন্টার’ প্রতিষ্ঠা করা হয়েছে।
পাশাপাশি আইএফসির সহায়তায় এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘জ্যাকব করডোবা অ্যান্ড অ্যাসোসিয়েটস’ এর সহযোগিতায় পলিসি প্ল্যানিং, পলিসি ডিজাইন এবং রেগুলেটরি ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ইত্যাদি নিয়ে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে চেম্বার খাত থেকে ৮২টি এবং অ্যাসোসিয়েশন খাত থেকে মোট ৩৯১টি সদস্য রয়েছে এফবিসিআইর।
