অ্যাপ ও ওয়েব চেকইন চালু নভোএয়ারে
যাত্রীদের টিকেট প্রাপ্তি ও ভ্রমণকে আরও সহজ এবং স্বচ্ছন্দ করতে মোবাইল অ্যাপ্লিকেশন ও ওয়েব চেক ইন সেবা চালু করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
সোমবার ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত এক প্রেস মিটে মোবাইল অ্যাপ্লিকেশন ও ওয়েব চেক ইন সেবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে নভোএয়ার পরিচালক হাসিবুর রশিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মফিজুর রহমান বলেন, “মোবাইল অ্যাপের মাধ্যমে সম্মানিত যাত্রীরা তাদের টিকেট বুকিং ও ক্রয়, ফ্লাইট সম্পর্কিত তথ্য, ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ার প্রোগ্রাম-স্মাইলস সম্পর্কিত যাবতীয় তথ্য ও বিভিন্ন সেবা নিতে পারবেন।”
অ্যাপল এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা অ্যাপ স্টোর এবং প্লে-স্টোরে ‘নভোএয়ার’ লিখে সার্চ দিয়ে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন বলে জানান তিনি।
“সম্মানিত যাত্রীরা ভ্রমণের দিন ঘরে বসেই নভোএয়ারের ওয়েব সাইটে তাদের পছন্দানুযায়ী আসন নির্বাচন করে চেকইন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। সম্মানিত যাত্রীরা বিমানবন্দরে গিয়ে শুধু বোর্ডিং কার্ড সংগ্রহ করলেই উড়োজাহাজে ভ্রমণ করতে পারবেন।”
বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রামে ছয়টি, সৈয়দপুরে চারটি, কক্সবাজারে চারটি, যশোরে চারটি এবং সিলেটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে।
এছাড়া রাজশাহী রুটে সপ্তাহে ১০টি এবং বরিশালে সপ্তাহে চারটি করে ফ্লাইট পরিচালনা করছে। আন্তর্জাতিক রুটে কলকাতায় প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
