‘বিজ্ঞাপন শিল্পে সৃজনশীলতাই হবে মূল চালিকাশক্তি’
প্রযুক্তিনির্ভর যুগে বিজ্ঞাপন শিল্প ও ব্র্যান্ড প্রতিষ্ঠায় সৃজনশীলতাই মূল চালিকাশক্তি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম।
শনিবার ঢাকায় কমিউনিকেশন সামিট এবং কমওয়ার্ডের অষ্টম আসরের উদ্বোধনী পর্বে এ কথা বলেন।
‘সৃজনশীলতা অপরিহার্য’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়েছে অষ্টম কমিউনিকেশন সামিট।
সারাদিনের এই আয়োজনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বিপণন ও বিজ্ঞাপন সংস্থার ৩৫০ জন প্রতিনিধি অংশ নেন।
সৃজনশীল যোগাযোগ মাধ্যম উন্নয়নে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ২০০৯ সাল থেকে আয়োজিত হচ্ছে কমিউনিকেশন সামিট।
এ বছরের সামিটের মূল বক্তা হিসেবে ছিলেন সাউথ ইস্ট এশিয়া জেডব্লিঊটির সাবেক ক্রিয়েটিভ ডিরেক্টর ও গ্লোবাল এক্সেকিউটিভ তে গুয়ান হিন, মধ্যপ্রাচ্য ও নর্থ আফ্রিকার গ্রে অ্যাডভার্টাইজিংয়ের চিফ ক্রিয়েটিভ অফিসার আলি শাবাজ; আমুল ডেইরি আনান্দর দায়িত্বপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর জায়েন মেহতা এবং স্কুল অব স্লো মিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রোগ্রাম ডিরেক্টর স্যামুয়েল ডিয়াজ ফার্নান্দেজ।
এছাড়া প্যানেল আলোচনাগুলোতে অংশ নেন বিজ্ঞাপন ও বিপণন বিশেষজ্ঞরা, যাদের মধ্যে ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর মার্কেটিং বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফ ইকবাল, গ্রে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও কান্ট্রি হেড গাউসুল আলম শাওন, এশিয়াটিক জেডাব্লিঊটি/এশিয়াটিক থ্রিসিক্সটির ব্যবস্থাপনা পরিচালক নেভিল হাসান ফেরদৌস এবং ইউনিলিভার বাংলাদেশের পারসোনাল কেয়ার বিভাগের মার্কেটিং ডিরেক্টর নাফিস আনোয়ার।
এছাড়াও ছিল দুইটি প্যানেল আলোচনা, তিনটি ব্রেকআউট সেশন এবং তিনটি কেইস স্টাডি উপস্থাপন পর্ব।
ব্র্যান্ড ফোরামের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামিটে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং এটুআইয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
দেশের আট বিভাগে তরুণদের মধ্যে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা, উদ্ভাবনী চেতনা পৌঁছে দিতে কাজ করবে দুই পক্ষ। এছাড়াও ডিস্ট্রিক্ট ব্র্যান্ডিং এবং হিউম্যান ডেভেলপমেন্ট নিয়েও কাজ করবে তারা।
এছাড়াও এনআরবি কনক্লেভের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের সংযুক্ত করতে দুই পক্ষ চেষ্টা করবে বলে জানিয়েছে ব্র্যান্ড ফোরাম।
দিনব্যাপী কমিউনিকেশন সামিট শেষে অনুষ্ঠিত হয় কমওয়ার্ডের অষ্টম আসর।
এবছর কমওয়ার্ডের ২৩টি বিভাগে আবেদন জমা পড়েছিল ৪৮৭টি। পরে সেগুলো থেকে বাছাই করে সর্বমোট ৮৫টি ক্যাম্পেইনকে পুরস্কৃত করা হয়।
বিজয়ীদের ‘গ্র্যান্ড প্রি’, ‘গোল্ড’ এবং ‘সিলভার’ এই তিনটি র্যাংকে পুরস্কার দেওয়া হয়। কমওয়ার্ডের বিশেষ সম্মাননা জানানো হয় সদ্য ৫০ বছর পূর্ণ করা বিটপি অ্যাডভার্টাইজিংকে।
