অনুমোদন পায়নি পাঠাওয়ের ওয়ালেট
রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান পাঠাওকে তাদের অ্যাপে ‘ওয়ালেট’ সেবা যুক্ত করার অনুমোদন দেয়নি কেন্দ্রীয় ব্যাংক।
‘পাঠাও পে’ নামের এই ডিজিটাল ওয়ালেটে গ্রাহকরা নতুন করে রিচার্জ করতে পারবেন না।
তবে ওয়ালেট টাকা রয়েছে এমন গ্রাহকরা পূর্বের ঘোষিত সব সুবিধা পাবেন বলে জানিয়েছেন পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হুসাইন এম ইলিয়াস।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাঠাও আমাদের কাছে ওয়ালেট সেবা চালুর অনুমোদন চেয়েছিল, যার অনুমতি বাংলাদেশ ব্যাংক দেয়নি।”
‘নীতিগত’ কারণে এই অনুমতি দেওয়া হয়নি বলে জানান তিনি।
ওয়ালেট বন্ধের প্রসঙ্গে পাঠাওয়ের সিইও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সেবাটি ছিল ক্লোজড ওয়ালেট, যার কার্যক্রম পরিচালনার জন্য সুনির্দিষ্ট নীতিমালা বাংলাদেশে নেই। অন্যদিকে ওপেন ওয়ালেটের জন্য বিষদ নীতিমালা রয়েছে।
“আমরা ক্লোজড ওয়ালেট হিসেবে শুরু করি এবং সমস্যায় পড়ি। ভবিষ্যতে এই সেবাটিকে আরও ভালোভাবে পরিবর্তন করে ‘ওপেন ওয়ালেট’ আকারে আমরা নিয়ে আসব, যাতে কোনভাবে নীতি লঙ্ঘন না হয়। সেই সাথে ওপেন ওয়ালেট সেবা পরিচালনার জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণ করেই ফিরব আমরা।”
ছয় সপ্তাহ ধরে এই সেবা চালু রয়েছে বলে জানান তিনি।
অনুমতি ছাড়া সেবাটি চালু থাকার প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, “পাঠাওকে এই সেবা চালুর অনুমতিই দেওয়া হয়নি, সেখানে যদি তারা চালু রাখে তা আইন লঙ্ঘন, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী ও বিএসআইইউ (বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট ) এ বিষয়ে ব্যবস্থা নেবে।”
ওয়ালেট সেবাটিতে ক্রেডিট কার্ড, ব্যাংক একাউন্ট ও অন্যান্য আর্থিক সার্ভিস থেকে গ্রাহক টপআপ করতে পারছিলেন, রাইড সম্পন্ন হবার পর সরাসরি অর্থ লেনদেনের পরিবর্তে ওয়েলেট থেকে অর্থ পরিশোধের সুযোগ থাকায় অল্প সময়েই বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল সেবাটি।
