২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট শেখাবে বাংলালিংক ও ফেইসবুক

ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক এবং ফেইসবুক যৌথভাবে চালু করলো ‘শিখবো ইন্টারনেট, দেখবো দুনিয়া’ নামে ডিজিটাল প্রশিক্ষণ কর্মসূচি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2018, 09:04 PM

Updated : 19 Aug 2022, 02:33 PM

ঢাকার লো মেরিডিয়ান হোটেলে বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলালিংকের চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার রিতেশ কুমার সিং এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, দৈনন্দিক জীবনে দেশের সাধারণ মানুষের ইন্টারনেট ব্যবহারের সুযোগ ও এর সুফল নিশ্চিত করার মাধ্যমে তাদের ক্ষমতায়নে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে এই কর্মসূচি চালু করা হয়েছে।  

“ট্রেইন দ্যা ট্রেইনার মডেল ভিত্তিক ‘শিখবো ইন্টারনেট, দেখবো দুনিয়া’ প্রোগ্রামের মাধ্যমে বাংলালিংকের ২০ হাজার রিটেইলার ও চার হাজার ৫০০ স্থায়ী প্রমোটারকে প্রশিক্ষণ দেওয়া হবে।”

এই প্রোগ্রামের মাধ্যমে আগামী দুই বছরে প্রায় ২০ লাখের বেশি বাংলালিংক গ্রাহক ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে বলে আশা করছেন প্রশিক্ষণের আয়োজকরা। 

এ প্রোগ্রামের আওতায় ইন্টারনেট ব্যবহার ও এর সুবিধার উপর প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ফেইসবুকের মাধ্যমে বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ স্থাপন, পছন্দ অনুযায়ী গ্রুপ অনুসন্ধান এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে বাংলালিংক রিটেইলারদের পারামর্শ দেওয়া হবে।

বিশেষ এই কর্মসূচি উপলক্ষে ১৯ টাকার স্ক্র্যাচ কার্ডে বাংলালিংক গ্রাহকরা পাঁচ দিনের জন্য এবং শুধু ফেইসবুকের জন্য পাবেন আনলিমিটেড ডেটা সুবিধা।

রিতেশ কুমার সিং সংবাদ সম্মেলনে বলেন, “গ্রাহকদের ডিজিটাল ক্ষমতায়নে ফেইসবুকের মত একটি প্রতিষ্ঠানের সাথে কাজ করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। দেশের প্রত্যেকটি প্রান্তে ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে বাংলালিংক নিরলসভাবে কাজ করে আসছে। আমরা বিশ্বাস করি, এই যৌথ উদ্যোগ আমাদের লক্ষ্য বাস্তবায়নের দিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।”

ফেইসবুকের মোবাইল পার্টনারশিপ- এপিএসি-এর ডিরেক্টর কারান খাড়া বলেন, “বর্তমানে ইন্টারনেট আমাদের জীবনের একটি মৌলিক চাহিদায় পরিণত হয়েছে। এটি বিভিন্ন ডিজিটাল সেবা ব্যবহারের সুযোগ দেওয়ার মাধ্যমে সম্ভাবনার এক নতুন বিশ্ব উন্মোচন করতে পারে। এই উদ্যোগ ডিজিটাল শিক্ষাকে দেশের অনেক মানুষের কাছে পৌঁছে দেবে এবং তাদের ক্ষমতায়নের অবদান রাখতে পারবে।” 

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ছাড়াও বাংলালিংক ও ফেইসবুকের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।