২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ থাইল্যান্ডের

বাংলাদেশে এলএনজি রপ্তানি এবং রেফ্রিজারেটেড এলপিজি টার্মিনাল স্থাপনে বিনিয়োগ সহযোগিতা করতে আগ্রহ দেখিয়েছে থাইল্যান্ডের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি পিটিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2018, 04:24 PM

Updated : 19 Aug 2022, 02:33 PM

মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ও বেজার কর্মকর্তাদের সঙ্গে দেখা করে পিটিটি পাবলিক কোম্পানি লিমিটেডের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল এই আগ্রহের কথা জানায়।

বেজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  “বাংলাদেশে দীর্ঘমেয়াদে এলএনজি সরবরাহ করতে আগ্রহী থাইল্যান্ড। এছাড়াও বাংলাদেশকে তারা বিকল্প জ্বালানি, জ্বালানি সক্ষমতা এবং স্মার্ট গ্রিড নিয়ে প্রযুক্তিগত সহযোগিতা করতে চায়।”

থাই প্রতিনিধি দলে ছিলেন পিটিটির ইন্টারন্যাশনাল স্ট্রাটেজি অ্যান্ড বিজনেস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নুপ্পন্ন সুচিন্দা ও পিটিটিজিএলের ব্যবস্থাপনা পরিচালক সুচিত্রা শনসিনপান।

পিটিটি থাইল্যান্ডের স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত অন্যতম বৃহৎ কোম্পানি। প্রতিষ্ঠানটির মোট মূলধনের পরিমাণ ২৫ বিলিয়ন ডলার এবং বার্ষিক রাজস্ব আয় প্রায় ৫৫ বিলিয়ন ডলার। বিশ্বের ২৫টিরও বেশি দেশে তাদের ব্যবসা রয়েছে।

থাইল্যান্ড উপসাগরে প্রতিষ্ঠানটির একটি বিস্তৃত সাবমেরিন গ্যাস পাইপলাইন এবং দেশব্যাপী এলপিজি নেটওয়ার্ক রয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটি বিদ্যুৎ উৎপাদন, পেট্রোকেমিক্যাল দ্রব্য, তেল ও গ্যাস উৎপাদন এবং গ্যাসোলিন সরবরাহের সঙ্গে যুক্ত রয়েছে।

অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন,  “নীতিগত সমর্থন প্রদান করে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। মিরসরাই এবং মহেশখালী অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। বিশেষত মহেশখালীকে বাংলাদেশ সরকার বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনের একটি অন্যতম উৎসে রূপান্তরিত করতে যাচ্ছে।”

নির্বাহী চেয়ারম্যান প্রতিনিধিদের তাদের পর্যটনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে বেজার অধীনে বাস্তবায়নাধীন নাফ, সাবরাং এবং সোনাদিয়া ইকো-ট্যুরিজম পার্কে বিনিয়োগ সহযোগী হিসেবে পর্যটনের ব্যাপক উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানান।