ক্রেতাদের হাতে নোট নাইন তুলে দিল স্যামসাং
বাংলাদেশ থেকে প্রি-অর্ডার করা ক্রেতাদের হাতে নতুন গ্যালাক্সি নোট নাইন পৌঁছে দেওয়া শুরু করেছে স্যামসাং।
মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে স্যামসাংয়ের ব্র্যান্ড স্টোর থেকে নতুন এই মোবাইল সেট গ্রাহকদের দেওয়া শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, ক্রেতাদের হাতে নোট নাইন তুলে দেওয়ার মধ্য দিয়ে স্যামসাং মোবাইল বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এই সেট বাজারজাত করা শুরু করল।
স্যামসাং মোবাইল বাংলাদেশ বলছে, চলতি মাসের মধ্যেই গ্যালাক্সি নোট নাইন সারা দেশে স্যামসাংয়ের সব অফিসিয়াল স্টোরে পাওয়া যাবে।
এছাড়া টেলিকম অপারেটর রবি ও গ্রামীণফোন গ্যালাক্সি নোট নাইন কিনলে দেবে নির্দিষ্ট পরিমাণ ফ্রি ইন্টারনেট ডেটা।
মিডনাইট ব্ল্যাক, ওশান ব্লু এবং মেটালিক কপার- এই তিন রঙে বাংলাদেশে পাওয়া যাচ্ছে স্যামসাং নোট নাইন। স্যামসাংয়ের এই ফ্লাগশিপ ডিভাইসটি বাংলাদেশে বিক্রি করা হচ্ছে ৯৪ হাজার ৯০০ টাকায়।
গত ১৩ অগাস্ট স্যামসাং বাংলাদেশ গ্যালাক্সি নোট নাইনের জন্য প্রি-অর্ডার নেওয়া শুরু করেছিল। দুই হাজারের বেশি আগ্রহী ক্রেতা এই সময়ে প্রি অর্ডার করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রি অর্ডার করা ক্রেতাদের মধ্যে ২১ জনকে উপহার হিসেবে দেওয়া হবে আরেকটি গ্যালাক্সি নোট নাইন ফ্রি।
এছাড়া অন্যদের জন্য উপহার হিসেবে থাকছে জেবিএল ফ্লিপ ফোর স্পিকার অথবা ওয়্যারলেস চার্জার।
