সিআইপি কার্ড পেলেন ১৭৮ ব্যবসায়ী
দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৭৮ ব্যব্সায়ীকে সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ) সম্মানে ভূষিত করেছে সরকার।
সোমবার রাজধানীর হোটেল র্যাডিসনে এক অনুষ্ঠানে তাদের হাতে ২০১৫ সালের সিআইপি কার্ড তুলে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, কাঁচাপাট, পাটজাত পণ্য, চামড়াজাত দ্রব্য, হিমায়িত খাদ্য, তৈরি পোশাক, এগ্রোপ্রসেসিং, হস্তশিল্প, প্লাস্টিক পণ্য, সফটওয়্যার শিল্প, সেবাখাত ও ডাটা প্রসেসিংসহ মোট ১৯টি খাতে পণ্য রপ্তানির জন্য ১৩৬ জনকে ২০১৫ সালের জন্য সিআইপি কার্ড দেওয়া হয়েছে।
এছাড়া ব্যবসা-বাণিজ্যে অবদান বিবেচনায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের মধ্যে থেকে ৪২ জনকে দেওয়া হয়েছে সিআইপি কার্ড।
অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকার নয় বছর আগে ক্ষমতা গ্রহণের সময় রপ্তানি আয় ছিল মাত্র ১৪ বিলিয়ন ডলার। সরকারের নানা প্রচেষ্টায় এখন তা ৩৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সরকারের ব্যবসাবান্ধব পদক্ষেপগুলো এবং বঙ্গবন্ধু কন্যার ঐকান্তিক ইচ্ছার প্রতিফলন হচ্ছে এই অগ্রগতি।
নতুন করে নগদ সহায়তাপ্রাপ্ত পণ্যের তালিকায় নতুন ৯টি পণ্য সংযোজন করা হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। এসব পণ্যে ১০ শতাংশ নগদ সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, “ব্যবসায়ীদের নগদ সহায়তা দিতে হবে। মনে রাখতে হবে, তাদের যদি আমরা এক টাকা নগদ সহায়তা দেই তারা আমাদের অনেক বেশি ফেরত দেবেন।”
বাণিজ্য সচিব সুভাশীষ বসু, ইপিবির ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য, এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ, সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, মুনতাকিম আশরাফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সিআইপিদের জন্য ব্যবসা সংক্রান্ত কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট দূতাবাসকে ‘লেটার অব ইনট্রুডাকশন’ ইস্যু করবে।
এছাড়া সিআইপিরা বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধা এবং নিজের ও স্ত্রী-সন্তানদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
