২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটি শেষেও ছুটির আমেজ অফিস পাড়ায়

কোরবানি ঈদের ছুটি শেষে কর্ম দিবসের শুরুতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোয় কর্মচাঞ্চল্য বাড়লেও ব্যাংক-বীমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এখনও পুরোদমে কাটেনি ছুটির আমেজ। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2018, 09:42 PM

Updated : 19 Aug 2022, 02:30 PM

ঈদের আগের দিন ও পরের দিনসহ তিন দিনের সরকারি ছুটি শেষে সাপ্তাহিক ছুটির দুই দিন শুক্র ও শনিবার পড়ে যাওয়ায় পাঁচ দিনের টানা ছুটি মিলেছে এবার।

ফলে কর্মজীবীরা লম্বা ছুটি কাটিয়ে ঢাকা ফিরছেন।

রোববার রাজধানীর মহাখালী ও মতিঝিল অফিস পাড়া ঘুরে দেখা যায়, এদিন অফিস খোলার পর প্রথম দিনের উপস্থিতি ছিল স্বাভাবিক কর্মদিনের তুলনায় কম।

উপস্থিত কর্মকর্তারা জানান, স্বাভাবিক কর্মব্যস্ততা ফিরে পেতে আরও এক-দুই দিন লাগতে পারে।

বাংলাদেশ ব্যাংক ঘুরে দেখা যায় কাজকর্ম শুরু হলেও অনেক কর্মকর্তার চেয়ার খালি।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের ছুটির সাথে অনেকেই বাড়তি ছুটি নিয়েছেন, যারা ঈদের আগের দিনেও কাজ করেছেন তারা সোমবার থেকে কাজে যোগ দেবেন।”

পূবালী ব্যাংকের এক কর্মকর্তাও বলেন,  “এবারের ঈদের বড় ছুটি পাওয়ায় অনেকেই কর্মকর্তা-কর্মচারীরা বাড়তি ছুটি নিয়ে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে গিয়েছেন।”

তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ‘পুরোদমে’ কাজ শুরু হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইতে ছুটির আমেজ কাটিয়ে শনিবার থেকেই কর্মব্যস্ততা চলছে বলে জানান সংগঠনটির জনসংযোগ কর্মকর্তা জাকারিয়া-আল মামুন।

তিনি বলেন, “এবার ঈদে আমরা চার দিন ছুটি পেয়েছি, গতকাল (শনিবার) থেকেই আমাদের কাজ শুরু হয়ে গেছে। আমাদের সংগঠন সামনে বেশ কিছু অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে যার কারণে ব্যস্ত সময় পার করতে হচ্ছে।”

বেসরকারি বীমা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইনসুরেন্সের কর্মকর্তা মো. হাসান ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের ছুটি কাটিয়ে আজকেই প্রথম অফিস খুলেছে, আমাদের কাজও পুরোদমে চলছে। বেশ কিছু ক্লায়েন্টের ক্লেইম আজকেই মীমাংসা করার কাজ সম্পন্ন হয়েছে।”

এদিকে নিয়মিত কর্মদিবসে যে সংখ্যক যানবাহন চলাচল করে, রোববার মতিঝিল এলাকা ঘুরে তেমনটা চোখে পরেনি।

স্বাভাবিক কর্মব্যস্ত দিনে দৈনিক বাংলা মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত ফুটপাতে পথচারীদের প্রচণ্ড ভিড় দেখা গেলেও ছুটির পর কর্মসপ্তাহের প্রথম দিনে কয়েকটি টং দোকান ছাড়া ফুটপাত ছিল অনেকটাই খালি।