২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হতাশায় সিলেটের চামড়া ব্যবসায়ীরা

ইতঃপূর্বে চামড়া বিক্রি করা টাকা সম্পূর্ণ সংগ্রহ করতে না পারায় পুঁজির অভাবে এ বছর তারা লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া কিনতে পারেননি বলে জানিয়েছেন।

মঞ্জুর আহমদ

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2018, 03:34 PM

Updated : 11 Oct 2022, 12:34 PM

শাহজালাল চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি শামীম আহমদ বলেন, এবার তাদের সমিতির সদস্যদের এক লাখ চামড়া সংগ্রহের লক্ষ্য ছিল।

“শেষ পর্যন্ত ইতঃপূর্বে চামড়া বিক্রি করা টাকা সম্পূর্ণ সংগ্রহ করা যায়নি। মাত্র ৩০ শতাংশ পাওনা আদায় করা সম্ভব হয়েছে। ফলে পুঁজির অভাবে এ বছর মাত্র ৪০-৪২ হাজার চামড়া সংগ্রহ করতে পেরেছেন সমিতির সদস্যরা।”

কয়েক বছর ধরে চামড়া ব্যবসায়ীদের দুর্দিন চলছে বলে জানান সমিতির সহ-সভাপতি শাহিন আহমদও।

তিনি বলেন, সিলেটের তিন শতাধিক চামড়া ব্যবসায়ীর মধ্যে বেশির ভাগই এ বছর ক্ষতির আশঙ্কায় চামড়া কেনেননি। এই সুযোগে মৌসুমি ব্যবসায়ীরা কম দামে চামড়া কিনে নিয়েছেন। কম দামে কিনলেও তারা লাভ করতে পারবেন তা এখনও নিশ্চিত করা যাচ্ছে না।

বৃহস্পতিবার নগরীর ঝলোপাড়া এলাকায় চামড়াপল্লিতে গিয়ে দেখা গেছে, শ্রমিকরা চামড়া প্রক্রিয়াজাত করার কাজে ব্যস্ত সময় পার করছেন।

চামড়া ব্যবসায়ী মো. আজাদ বলেন, “আড়তদারদের কাছে লাখ লাখ টাকা পাওনা রয়েছে। টাকা চাইলে তারা নানা অজুহাত দেখান। এবার সামান্য টাকা পাওয়া গেছে। ব্যাংকঋণ ও ধারদেনা করে কিছু চামড়া সংগ্রহ করেছি।

“ঝুঁকি নিয়ে চামড়া প্রক্রিয়াজাত করে রাখলেও, শ্রমিক ও অন্যান্য আনুষঙ্গিক সব খরচ শেষে লাভের মুখ দেখা নিয়ে সংশয়ে রয়েছি। কী করব, ব্যবসা তো টিকিয়ে রাখতে হবে।”

এদিকে কোরবানির পশুর চামড়া সিলেটে এ বছর গতবারের চেয়ে অর্ধেকেরও কম দামে কেনাবেচা হচ্ছে বলে বিক্রেতারা জানিয়েছেন।

নগর ঘুরে চামড়া কেনাবেচার খোঁজ নিতে গেলে দয়া মির দারুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ মোশাহিদ আলী বলেন, “সিলেটে এ বছর স্রেফ পানির দামে চামড়া বিক্রি হচ্ছে। গত বছরও যে চামড়া ৮০০ থেকে এক হাজার টাকায় বিক্রি হয়েছে, এ বছর তার অর্ধেকেরও কম দামে বিক্রি হচ্ছে।

“মাদ্রাসায় অনুদান হিসেবে পাওয়া চার শতাধিক চামড়া দুইশ-আড়াশ টাকায় বিক্রি করেছি। সর্বোচ্চ ৩০০ টাকায় কয়েকটা চামড়া বিক্রি করতে পেরেছি। গত ১৫-২০ বছরের মধ্যে এত কম দাম দেখিনি।”

নগর ঘুরে দেখা গেছে, ফুট হিসেবে নয়, মৌসুসি ক্রেতারা চামড়া কিনছেন আকার ভেদে। প্রতিটি গরুর চামড়া ১৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০০ টাকায় কিনেছেন তারা।