বিক্রি না হওয়া গরু নিয়ে বিপাকে বেপারিরা
দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকার কোরবানির হাটে আসা বেপারিদের মধ্যে যারা কাঙ্ক্ষিত দাম বা ক্রেতা না পাওয়ায় সব গরু বিক্রি করতে পারেননি, তাদের অনেককে গরু নিয়ে ঈদের দিনও বসে থাকতে দেখা গেছে কোরবানির পশুর হাটে।
তারা বলছেন, কোরবানির হাটে আনার জন্য কয়েক মাস সময় নিয়ে গ্রামের হাটে হাটে ঘুরে এসব গরু তারা কিনেছেন। কেউ কেউ স্থানীয় সম্পদশালী গৃহস্থ বা ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে গরু সংগ্রহ ও লালন-পালন করে ঈদে বিক্রির জন্য ‘উপযুক্ত’ করেছেন।
কিন্তু ঢাকার হাটে এসে সব গরু ভালো দামে বিক্রি করতে না পারায় এখন তারা বিপাকে পড়েছেন। গরু নিয়েই ফিরতে হলে গাড়ি ভাড়া, বাড়িতে রাখা আর পরিচর্যায় লাগবে আরও খরচ। সব মিলিয়ে গুণতে হবে বিরাট লোকসান।
বুধবার ঈদের দিন দুপুরে উত্তরা ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় সিটি করপোরেশনের অস্থায়ী পশুর হাটে একাধিক পশু বেপারির সঙ্গে কথা হয়। তারা বিক্রি না হওয়া গরু বাড়িতে ফেরত নিয়ে যেতে ট্রাকের অপেক্ষায় ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ থেকে এ হাটে ২৭টি গরু নিয়ে এসেছিলেন নওশাদ আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শনিবার ভোরে এখানে আসছি। ওইদিন কেউ দামই জিগাইল না। পরের দুই দিনে ডাকাডাকি কইরা সাতটা গরু বেচছি। কিন্তু এখন যা অবস্থা, তাতেও অনেক লোকসান হবে।”
নওশাদ বললেন, ঈদে বিক্রি করে লাভের আশায় গত চার মাস ধরে এসব গরু বিভিন্ন হাট থেকে তিনি সংগ্রহ করেছেন।
“যে গরুর পেছনে এক লাখ টাকা খরচা হইছে, সেই গরুর দর উঠছে এই হাটে সর্বোচ্চ ৬০ হাজার টাকা। লস হবে বলে ২০টা গরু বিক্রি করতে পারিনি। এখন গরুগুলা নিয়া আমরা কোথায় যাব? রাখব কোথায়? কী খাওয়াব?”
বাড়ি নিয়ে গেলে এসব গরু আরও অন্তত দেড়-দুই মাস পালতে হবে জানিয়ে নওশাদ বলেন, “লোনের টাকা কীভাবে পরিশোধ করব? … কিছুই ভেবে পাচ্ছি না।”
এবার ভারত থেকে গরু আসবে না শুনে লাভের আশায় বেশি দামে গরু কিনে পরিস্থিতি উল্টো হয়েছে বলে মন্তব্য করেন এই গরু বেপারি।
“যে গরুটা এক লাখ ১০ হাজার টাকায় কেনা, তার দাম ৭০ হাজারের বেশি ওঠে না। তাহলে বিক্রি করা সম্ভব? আমি ১২ বছর ধরে গরু কেনাবেচা করি, আমার জীবনেও এত বড় সমস্যায় পড়তে হয়নি।”
বিক্রি না হওয়া এসব গরু নিয়ে কী করবেন জানতে চাইলে হতাশার কণ্ঠে মোস্তফা বলেন, “কী করব ভাই, আমি জানি না। নিজের খাবারের টাকাই নাই, গরুদের কী খাওয়াব?”
চুয়াডাঙ্গা থেকে দুটি ট্রাকে করে ৩৫টি গরু নিয়ে হাটে এসেছিলেন নুরুল আমিনসহ নয়জন গরু ব্যবসায়ী।
নুরুল বলেন, “১০টা গরু বিক্রি হয়েছে, আর বিক্রি করতে পারিনি। পরে বাকিগুলোর দামই করেনি কেউ।”
স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিয়ে এসব গরু কিনেছেন জানিয়ে তিনি বলেন, “যেগুলো বিক্রি করতে পারিনি এসব গরু বাড়িতে নিয়ে এক-দুই মাস রাখতে হবে, খাওয়াতে হবে। তারপর বিক্রি করতে পারলেও লোকসান হবে নিশ্চিত।”
“আমার মনে হয়েছে এবার ঢাকায় পশু কোরবানি কম হইছে। কিন্তু ট্রাকে ট্রাকে বাজারে গরু আসছে। দাম কমলেও গরু থেকে গেছে।”
আরেক বেপারি কাউসার আলী বলেন, “গতকাল রাতে কয়েকশ ট্রাক ভর্তি গরু বাজার থেকে ফেরত গেছে। সকালেও গেছে, ট্রাকের অভাবে আরও রয়ে গেছে। এগুলো বিক্রি হয়নি। আমরাও অপেক্ষায় আছি; ট্রাক এলে বিক্রি করতে না পারা গরু নিয়ে বাড়ি ফিরে যাব।”
এবার ঈদের আগে গরু, মহিষ, ছাগল, ভেড়া মিলিয়ে দেশে এক কোটি ১৬ লাখ ‘কোরবানিযোগ্য’ পশু রয়েছে বলে জানিয়েছিল সরকার।
শুরুতে রাজধানীর পশুর হাটগুলোতে গরুর দাম বেশি বলে ক্রেতাদের অভিযোগ থাকলেও ঈদের আগের দিন দাম পড়ে যায়।
